জুমে ধান পেকেছে বান্দরবানে ম্রো আদিবাসী জনপদে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে চিম্বুক পাহাড়ের ম্রো আদিবাসী জনপদগুলো আবারও মুখর হয়ে উঠেছে। জুমের পাকা ধানের ম-ম গন্ধে ম্রো তরুণ-তরুণীরা নবান্ন উৎসবের আমেজে সবাই যেন মাতোয়ারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ বলেছেন, জেলায় সাড়ে আট হাজার হেক্টর জমির জুমচাষের ওপর নির্ভরশীল জুমিয়া কৃষক প্রতিবছর ভাদ্র মাসের শুরুতে আনন্দ-উৎসবে নিজেদের ঐতিহ্যিক ধারায় নবান্ন উৎসব করে থাকেন। এ বছর প্রায় ১২ হাজার আদিবাসী পরিবার জুমচাষ করছে এবং তারা সবাই নবান্ন উৎসব করছে। জুমিয়া আদিবাসীরা বলছেন, পাহাড়ে জুমিয়া আদিবাসীদের মঙ্গার সময় (মারাত্মক অভাব) আষাঢ় ও শ্রাবণ দুই মাস। অর্ধাহারে-অনাহারে কোনো রকমে এই দুই মাস পার করতে পারলে ভাদ্র মাসে আদিবাসী সবাই রাজার লাহান (রাজার মতো) হয়ে যায়। এ জন্য আদিবাসীদের প্রবাদে ভাদ্র মাসকে ভাতের মাস আখ্যায়িত করে এ মাসে ধান পাকলে জুমের ধানভুক ঘুঘুরাও ধনাঢ্য গৃহস্থ হয়ে ওঠে বলে বলা হয়েছে। রাংলাইপাড়ার চিকতুই মেম্বারের (ইউপি সদস্য) জুমে পিঠে থুরুং (স্থানীয় ভাষায় বাঁশের তৈরি ঝুড়ি) ঝুলিয়ে ধান কাটতে কাটতে ম্রো তরুণী সাকলেন ম্রো জানান, জুমের ধান পাকলে সবাই আনন্দে মেতে ওঠে। এটা জুমিয়াদের ঐতিহ্য। মেনরাউ ম্রো বলেন, এ বছর বৃষ্টিপাত ও আবহাওয়া জুমচাষের জন্য অনুকূল ছিল। কিন্তু পরিচর্যা ও নানা সীমাবদ্ধতার কারণে জুমের ফসল খুব বেশি ভালো না হলেও মোটামুটি হয়েছে।টংকাবতী ইউপির সদস্য চিকতৃই ম্রো বলেছেন, তিনি এবার পাঁচ আড়ি (১০ কেজিতে এক আড়ি) ধানের জুম করেছেন। বছরের খোরাক না হলেও তিল, তুলা, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসল সঠিকভাবে বিক্রি করতে পারলে তেমন সমস্যা হবে না। প্রসঙ্গত, পাহাড়ি জমিতে জঙ্গল কেটে আগুনে পোড়ানোর পর যে চাষ করা হয় তাকে জুমচাষ বলা হয়। জুমে একসঙ্গে ধান, তুলা, তিল, মরিচ, ভুট্টা, মারফা ছাড়াও অনেক ফসল রোপণ করা হয়। এ জন্য অনেক কৃষিবিদ জুমচাষকে বহু ফসলের বনায়ন বা মাল্টি ক্রপস ফরেস্ট্রি বলে থাকেন। ফেব্রুয়ারি-মার্চে জঙ্গল কাটা ও এপ্রিল মাসে পোড়ানো হয়। এপ্রিলে রোপণ করা ধান ভাদ্র মাসে পেকে ওঠে। এ জন্য ভাদ্র মাস জুমিয়াদের জন্য এত সুখের মাস হিসেবে পরিচিত। ম্রো আদিবাসী ভাষায় ভাদ্রকে বামলা বা ধানের মাস বলা হয়। বান্দরবানের কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ আলতাফ হোসেন বলেছেন, এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় আট হাজার ৫০০ হেক্টর জমিতে জুমচাষ হয়েছে। এ বছর বৃষ্টিপাত ভালো হওয়ায় জুমের ফসল ভালো হয়েছে। অনেক জুমিয়া বছরের খোরাক জোগাড় করতে না পারলেও অধিকাংশ পরিবার বছরের খোরাক পাবে। এ জন্য জুমিয়া জনপদগুলো এখন আনন্দে এবং নবান্ন উৎসবে মুখর হয়ে উঠেছে বলে তিনি জানান।