জুমের আগুনে মরছে গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং সংরক্ষিত বনের চিল্ল্যাতলি এলাকায় জুমের আগুনের কারণে শত বছরের কয়েক হাজার গাছ মরে যাচ্ছে।স্থানীয় লোকজন জানান, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেড় শতাধিক জুমিয়া পরিবার চিল্ল্যাতলি এলাকায় জুমে আগুন দেয়। এতে পাশের মাচালং সংরক্ষিত বনে আগুন লেগে যায়। আগুনে দুই থেকে তিন হাজার শতবর্ষী গর্জন, চাপালিশসহ বিভিন্ন ধরনের গাছ মরে যায়। আগুনের কারণে আরও কয়েক হাজার গাছ মরে যাচ্ছে।কয়েকজন জুমচাষি জানান, এ বছর মাচালং সংরক্ষিত বনে জুমের আগুনে ৩৫টি বাড়িঘর ও আটটি ফলদ বাগান পুড়ে গেছে। বন বিভাগ সূত্র জানায়, মাচালং সংরক্ষিত বনের আয়তন এক লাখ ৩০ হাজার ১৮৮ একর। এর মধ্যে ৫০ হাজার একর বনে জুম চাষ করা হয়।সরেজমিন দেখা যায়, চিল্ল্যাতলি থেকে উদোলছড়ি পর্যন্ত বিশাল আকারের শত বছরের গর্জন গাছের পাতা মরে যাচ্ছে। ডালপালা শুকিয়ে যাচ্ছে। মরে যাওয়া কিছু গাছ কেটে ফেলা হয়েছে। আর কিছু গাছ ভেঙে পড়েছে।স্থানীয় জুমচাষি মিলন ত্রিপুরা (৬৫) প্রথম আলোকে বলেন, ‘যুগ যুগ ধরে জুম চাষ করে আসছি। কিন্তু এভাবে গাছ মরতে দেখিনি।’ তিনি বলেন, এখানে জুম চাষ ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই। জীবিকা নির্বাহ ও বাঁচার তাগিতে তাঁরা জুম চাষ করতে বাধ্য হচ্ছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কালাচোগা চাকমা বলেন, জুম থেকে যে উৎপাদন হয় তার শতগুণ সরকারের ক্ষতি হয়। একেকটি পরিবার হাজার হাজার গাছ নষ্ট করছে। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিতভাবে জুম চাষ করা হলে একদিকে জুমচাষিরা লাভবান হবেন, অন্যদিকে সরকারের হাজার হাজার কোটি টাকার বনজ সম্পদ রক্ষা পাবে।সাজেক ইউপির চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, জুমের আগুনে ব্রিজপাড়াসহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি পুড়ে গেছে। ফলদ বাগান ছাড়াও সংরক্ষিত বনের বড় আকারের গাছ জুমের আগুনে মরে যাচ্ছে।মাচালং সংরক্ষিত বনের রেঞ্জ কর্মকর্তা মো. মান্নান মিয়া বলেন, ‘জুমের আগুনে গাছ মরে যাওয়ার বিষয়টি শুনেছি। লোকবলের সংকট ও নিরাপত্তার কারণে বনে যাওয়া সম্ভব হয় না।’ তিনি বলেন, অপরিকল্পিতভাবে জুম চাষের কারণে প্রতি বছর শতবর্ষী হাজার হাজার গাছ মরে যাচ্ছে। এতে জীববৈচিত্র্য ও বন্য প্রাণী হুমকির মুখে পড়েছে।