জুমের ধান তোলার অবলম্বন কাল্লোং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমের ধান পাকা শুরু হয়েছে। নতুন ফসল তোলার হিড়িক পড়েছে জুমিয়াদের। আর জুমের ফসল তোলা হয় বাঁশের বেতের তৈরি এক ধরনের ঝুড়ি দিয়ে। এই ঝুড়ির কদর পাহাড়ে এখন সবচেয়ে বেশি, দামও বেড়েছে অনেক।চাকমা ভাষায় এই ঝুড়ি কাল্লোং, ত্রিপুরা ভাষায় কাবাং ও মারমা ভাষায় প্রইং নামে পরিচিত। খাগড়াছড়ি বাজারে কাল্লোং বছরের অন্য সময়ে সাধারণত পাওয়া না গেলেও জুমের মৌসুমে পাওয়া যাচ্ছে। খাগড়াছড়ি বাজারে কাল্লোং বিক্রি করতে আসেন গাছবান এলাকার পঞ্চাশোর্ধ্ব আদিবাসী নারী কুড়িমালা ত্রিপুরা। তাঁর স্বামীর তৈরি করা এই কাল্লোংয়ের প্রতিটির দাম চাচ্ছিলেন তিন শ থেকে সাড়ে তিন শ টাকা। কুড়িমালা ত্রিপুরা জানান, প্রতিটি কাল্লোং তৈরি করতে এক থেকে দেড় দিন সময় লাগে।বাজার থেকে কাল্লোং কিনতে চাচ্ছিলেন কমলছড়ি ভিতর পাড়ার সুবিমল চাকমা। তিনি বলেন, ‘আগের দিনে মানুষেরা বাঁশের বেত দিয়ে নানা ধরনের ঝুড়ি তৈরি করতে পারতেন। কালের বিবর্তনে নানা কারণে আমরা সেই কৌশল আয়ত্ত করতে পারিনি। এ বছর দেড় আড়ি ধানের জুম করেছি। জুমের ধান পাকা শুরু হয়েছে। ধান কাটতে গেলে কাল্লোং লাগবে। নিজে কাল্লোং তৈরি করতে পারি না। তাই বাজার থেকে কিনে নিতে চাচ্ছি। কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক বেশি।’