জুমের ধানে চাষির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমের পাকা ধানের ম-ম গন্ধে পাহাড়ি জুমচাষিদের মুখ হাসিতে ভরে উঠেছে। সবাই ব্যস্ত এখন পাকা ধান সংগ্রহে। চাষিদের উল্লাসধ্বনিতে মুখর জুম ও জুমঘর।

বান্দরবানের চিম্বুক পাহাড় ও রোয়াংছড়ির কয়েকটি এলাকা ঘুরে এ রকম আনন্দমুখর দৃশ্য দেখা গেছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন পরিষদের  (ইউপি) চেয়ারম্যান মুইসুইথোয়াই মারমা বলেন, থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে খাদ্য ঘাটতিতে পড়া যেসব জুমচাষিকে নিয়ে হইচই হয়েছিল, জুমের ধান পেয়ে তাঁরাও এখন আনন্দে আছেন।

রোয়াংছড়ির জামাচন্দ্র পাড়ার মিত্রজয় তঞ্চঙ্গ্যা বলেন, অভাব-অনটনের খারাপ সময় কেটে গেছে। এখন কোনো সমস্যা নেই।

জামাচন্দ্র পাড়ার তঞ্চঙ্গ্যা নারী কাঞ্চনাকে পিঠে থুরুং (ঝুড়ি) ঝুলিয়ে ধান কাটতে দেখা যায়। তিনি বলেন, ভাদ্র ও আশ্বিন মাসে জুমের ধান পাকে। তখন জুমিয়াদের আর অভাব থাকে না। অভাব না থাকলে দুঃখও থাকে না।

চিম্বুক পাহাড়ে ম্রো তরুণ-তরুণীদের অনাবিল হাসি ছড়িয়ে কাজ করতে দেখা যায়। লংরিং ম্রো বলেন, ভাদ্র-আশ্বিনকে ভাতের মাস বলা হয়। ভাতের মাসে দুঃখ আর কী!

জুমচাষিরা জানান, ফেব্রুয়ারি-মার্চে জঙ্গল কেটে এপ্রিলে বপন করা ধান ভাদ্র মাসে পাকে। এ জন্য ভাদ্র মাস জুমিয়াদের জন্য এত সুখের মাস হিসেবে পরিচিত। জুমে একসঙ্গে তিল, তুলা, মরিচ, মারফাসহ (একধরনের শসা) অনেক ফসল ফলানো হয়। 

বোমাং রাজার দপ্তরের জুমচাষ-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, বান্দরবান জেলায় মোট ৮১ হাজার পরিবারের মধ্যে এক-পঞ্চাংশ অর্থাৎ ১৬ হাজার ২৯১ পরিবার জুম চাষ করেন। জুমচাষিদের সবাই পাহাড়ি। একসময় পাহাড়িরা সবাই জুম চাষ করলেও বর্তমানে অর্ধেকের বেশি পাহাড়ি জুম চাষ করেন না। জুম চাষ লাভজনক নয় এবং জুমচাষিরা তিন-চার মাসের খোরাকের বেশি উৎপাদন করতে পারেন না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, এ বছর জেলার সাতটি উপজেলায় প্রায় নয় হাজার হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। বৃষ্টিপাত অনুকূলে থাকায় এবারে জুমে ভালো ফলন হওয়ায় চাষিরা খুশি।