জুমের মরিচের ঝাঁজ এবার অনেক বেশি

পাহাড়ে জুমে চাষ করা মরিচটি বিভিন্ন নামে পরিচিত। স্থানীয়ভাবে ধানি মরিচ, জুমের মরিচ, জুম্ম মরিচ, ধান্য মরিচ, চিকন মরিচ নামেই চেনে। মরিচটি ছোট হলেও ঝাল কিন্তু প্রচুর। অতি বৃষ্টির কারণে মরিচের ফলন এবার কম হয়েছে। তাই অন্যান্য বছরের তুলনায় জুমে উৎপাদিত কাঁচা মরিচের দাম অনেক বেশি। গত বছর খাগড়াছড়ির দীঘিনালার স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা। আর এ বছর বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪৮০ টাকা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর দীঘিনালায় ১০ হেক্টর পরিমাণ জুম পাহাড়ে ধান্য মরিচের চাষ হয়েছিল। শুকনা মরিচ উৎপাদন হয়েছে ১০ টন ২০০ কেজি। চলতি বছর ১২ হেক্টর পরিমাণ জুম পাহাড়ে মরিচের চাষ হয়েছে। তবে অতি বৃষ্টির কারণে এ বছর ফলন কম।
গতকাল শনিবার সরেজমিনে উপজেলার বড় সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, বাজারে মাত্র পাঁচজন পাহাড়ি জুমে উৎপাদিত কাঁচা ধান্য মরিচ নিয়ে এসেছেন। জুমে উৎপাদিত ২৫০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৯০ টাকা। প্রতি কেজি ৩৬০ টাকা। দশ নম্বর এলাকা থেকে জুমে উৎপাদিত মরিচ বিক্রির জন্য আসা শরমিতা চাকমা (৪৮) বললেন, ‘বেশি বৃষ্টি হওয়ায় জুমের মরিচের ফুল ঝরে যাচ্ছে। তাই গাছে মরিচ কম ধরছে।’ তিনি জানান, তাঁর ২০০ গাছ রয়েছে। গত শনিবারে চার কেজি বিক্রি করেছেন প্রতি কেজি ৪৮০ টাকা দরে। আর এ শনিবারে সাড়ে তিন কেজি বিক্রি করেছেন প্রতি কেজি ৩৬০ টাকা দরে।
হাজাছড়া এলাকার শ্যামলা চাকমা (৩৬) ও দুই টিলা এলাকার পূর্ণশোভা চাকমা (৩৯) জানান, গত বছর তাঁরা প্রতি কেজি মরিচ ১২০ টাকায় বিক্রি করেছেন। বাজারের পাইকারি মরিচ বিক্রেতা পিউস চাকমা (৩৪) জানান, তিনি ৩৪০ টাকা দরে ছয় কেজি মরিচ কিনেছেন। এখন বিক্রি করছেন প্রতি কেজি ৩৬০ টাকা।
বাজারে মরিচ কিনতে আসা শান্তি চাকমা বললেন, ‘জুমের মরিচের ঝাল বেশি আর খেতেও সুস্বাদু।’
রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের পরামর্শক পলাশ নাগ প্রথম আলোকে বলেন, জুমে উৎপাদিত কাঁচা মরিচের খাদ্যগুণ রয়েছে। কাঁচা মরিচে ভিটামিন সি থাকে। এ ছাড়া মরিচে ভিটামিন এ, বি-১, বি-২, ভিটামিন কে রয়েছে। মরিচে বিদ্যমান ক্যাপেসিয়াসিন শরীরে উচ্চ রক্তচাপ কমানো, মাথা, হাঁটু, কোমরব্যথা ও বাত রোগ উপশম করে।
দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা প্রথম আলোকে বলেন, জুমের মরিচ বৈশাখ মাসে রোপণ করে আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত ফলন পাওয়া যায়।