পোষা হাতির পাল রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তিনটি আদিবাসী গ্রামের কমপক্ষে ২০ লাখ টাকার ফসল নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাতিগুলো গ্রামের জুমখেত, কলাবাগান এবং বিভিন্ন ফলদ গাছ ধ্বংস করছে। বন এলাকায় হাতি নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বন বিভাগের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও বন বিভাগ কিছুই জানে না।
স্থানীয় আদিবাসীরা জানান, জুমচাষ তাঁদের আয়ের প্রধান উৎস। জুমচাষের ওপর তাঁদের জীবনধারণ করতে হয়। জনৈক মালেক কোম্পানির ছয়টি পোষা হাতি নিয়ে এসে কয়েক দিন আগে বগাছড়ি, ঘিলাছড়ি ও নাক্যেছড়া গ্রামবাসীর জুমখেতের পাশের জঙ্গলে এনে ছেড়ে দেওয়া হয়। ফলে হাতির পালটি ওই তিন গ্রামের জুমখেতের সব ফসল নষ্ট করে দিচ্ছে। হাতিগুলো এর মধ্যে কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকার ফসল নষ্ট করেছে বলে গ্রামবাসীর অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, এখন কর্ণফুলী পেপার মিলের গাছ টানা বন্ধের সময়। তাই কোনো কাজ না থাকায় মালেক কোম্পানি হাতিগুলোকে সেখানে এনে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসী বা জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করেনি। কোম্পানির লোকজনকে হাতির পাল সরিয়ে নেওয়া অনুরোধ জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অপর দিকে, মালেক কোম্পানির মালিক মো. আবদুল মালেক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করলেও গ্রামের লোকজন কোনো ক্ষতিপূরণ পাননি বলে জানান।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপময় তঞ্চঙ্গ্যা বলেন, ‘গ্রামের লোকজন এসে তাঁদের ফসল ও ফলদ গাছ হাতির পাল নষ্ট করে দেওয়ার অভিযোগ দিয়েছেন। গ্রামবাসীর প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’
চেয়ারম্যান জানান, গ্রামবাসীর অভিযোগ পাওয়ার পর কোম্পানির মালিক মো. আবদুল মালেককে বিষয়টি জানিয়েছেন। মালেক গ্রামবাসীর সঙ্গে আলোচনা করার কথা বললেও গতকাল বুধবার পর্যন্ত হাতিগুলো সরিয়ে নেওয়ার বা গ্রামবাসীর সঙ্গে কথা বলা হয়নি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও গতকাল পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেন।
অপর দিকে বন বিভাগ সূত্রে জানা গেছে, কোনো সরকারি বন এলাকায় হাতি নিয়ে যেতে হলে সংশ্লিষ্ট বন বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু মালেক কোম্পানি বন বিভাগের অনুমতি ছাড়াই হাতিগুলো সেখানে নিয়ে গেছে।
পাল্পউড বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ‘আমাদের কাছ থেকে হাতি নেওয়ার ব্যাপারে কোনো কোম্পানি অনুমতি চাওয়া হয়নি। বিষয়টি আমাদের জানা নেই। তা ছাড়া এখন কর্ণফুলী পেপার মিলে গাছ টানা বন্ধ রয়েছে। তাই সেদিকে হাতি নেওয়ার কোনো প্রয়োজন থাকার কথা নয়।’
মালেক কোম্পানির মালিক মো. আবদুল মালেক গ্রামবাসীর ক্ষতির কথা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে কত দেওয়া হয়েছে তা তিনি বলতে পারেননি। অপর দিকে হাতি সংরক্ষিত বন এলাকায় নেওয়ার বিষয়ে বলেন, ওই জায়গাটা মিশ্র এলাকা। সেখানে মৌজার জায়গা এবং সংরক্ষিত বনের জায়গা রয়েছে। তাঁর হাতি কোম্পানির সনদ রয়েছে এবং হাতিগুলো কোনো জায়গায় নিতে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন।