
পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক, উদ্বেগজনক ও অনিরাপদ হয়ে উঠেছে। এ থেকে মুক্তি পেতে ও অস্তিত্ব রক্ষার স্বার্থে জুম্ম জনগণ যেকোনো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। এর ফলে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের ১৯তম বার্ষিকীর আগে গতকাল বুধবার সকালে ঢাকার একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে সত্তরের দশকের মাঝামাঝি থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে।
সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি জুম্ম জনগণের আড়াই দশকের রক্তক্ষয়ী আন্দোলনের অর্জন। এই চুক্তি পার্বত্য জনগণের অধিকার সনদ। এই সনদ বাস্তবায়নের জন্য চুক্তিপরিপন্থী ও জুম্ম স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধ করতে জেএসএস তথা জুম্ম জনগণ বরাবরের মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ সম্মেলনে তিনি পূর্বঘোষিত ১০ দফা কর্মসূচির ভিত্তিতে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই ১০ দফার মধ্যে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আঞ্চলিক পরিষদ ও তিন জেলা পরিষদের কাছে স্থানীয় সরকারি কার্যাবলি হস্তান্তর, পার্বত্য চট্টগ্রামের জুম্ম অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণ, সেনাবাহিনীর ‘অপারেশন উত্তরণ’ ও সব অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার, ভূমিবিরোধ নিষ্পত্তি, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন রয়েছে।
গতকালের সংবাদ সম্মেলনে জেএসএসের সভাপতি বলেন, চুক্তির পর ১৯ বছর অতিক্রান্ত হতে চলেছে। এই সময়ের মধ্যে চারটি রাজনৈতিক ও দুটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু কোনো সরকারই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। বরং চুক্তিবিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে।
চুক্তি বাস্তবায়ন সম্পর্কে সরকারের দাবি প্রসঙ্গে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে বলে সরকার বলছে। আরও বলছে, অনেক ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়াধীন। কিন্তু এখন পর্যন্ত ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে মৌলিক ধারা একটিও নেই।
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন হওয়ার পর এই কমিশনের কার্যক্রম প্রসঙ্গে সন্তু লারমা বলেন, আইন সংশোধন হলেও বিধিমালা হয়নি। এখন পর্যন্ত বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা যায়নি।
সংবাদ সম্মেলনে সন্তু লারমার বক্তব্যে প্রকাশিত একটি আক্ষেপ প্রসঙ্গে গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এ কথা ঠিকই যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দল ও নাগরিক সমাজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষে নিজস্ব কর্মসূচি নিয়ে এগিয়ে আসেনি।’
জেএসএসের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খানও বক্তব্য দেন। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।