জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সম্মেলনে বক্তারা অভিযোগ করেছেন, সরকার জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। দীর্ঘ ১৯ বছর পরও পার্বত্য চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন করা হয়নি। পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য ছাত্রসমাজকেও এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার পিসিপির রাঙামাটি জেলা শাখার ১৯তম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি অন্তিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জনসংহতি সমিতির সহযোগী সংগঠন মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জড়িতা চাকমা, জনসংহতি সমিতির নেতা ত্রিজিনাদ চাকমা, নিকোলাই পাংখোয়া, যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি টয়েন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অধিরাম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি কলেজ শাখার সভাপতি দিপা চাকমা প্রমুখ।
সম্মেলনে রিন্টু চাকমাকে সভাপতি, পুলক চাকমাকে সাধারণ সম্পাদক ও মিলন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।