জুম্ম নারীকে 'ধর্ষণ ও হত্যা'র প্রতিবাদ
আদিবাসী এক জুম্ম নারীকে ‘ধর্ষণ ও হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রাজু ভাস্কর্য চত্বরে এ সমাবেশ করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, ১৫ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ির সদরের কমলছড়ি ইউনিয়নের চেঙ্গিচর এলাকায় সবিতা চাকমাকে (৩৮) ধর্ষণ করে হত্যা করা হয়। বালু বহনের কাজে নিয়োজিত বেশ কয়েকজন বাঙালি শ্রমিক এ ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীর ধারণা।
নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় সেখানে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত পাঁচ বছরে শুধু জুম্ম নারীদের বিরুদ্ধে এ ধরনের ১২২টির বেশি ঘটনা ঘটেছে।
সমাবেশ থেকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সব ধর্ষণ মামলার নিষ্পত্তি ও দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি কামরুস সালাম, হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা প্রমুখ।