জুম্ম সংস্কৃতিকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার অভিযোগ করেছেন, সরকারের কিছু ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের জুম্ম (ক্ষুদ্র জাতিসত্তা) সংস্কৃতিকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে জড়িত রয়েছে। জুম্ম সংস্কৃতি ও জাতীয় অস্তিত্ব রক্ষায় পার্বত্যচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রোববার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিঝু সাংগ্রাই বৈসুক বিষু ও বিহু উৎসবের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জুম্ম সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বান জানিয়ে তিন দিনের এ অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে। উৎসব উপলক্ষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সাবারাং রেস্টুরেন্ট মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সাংসদ ঊষাতন তালুকদার বলেন, পার্বত্যচুক্তি বাস্তবায়ন স্থবির হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকা সত্ত্বেও চুক্তি বাস্তবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, পার্বত্যচুক্তি অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে সর্বত্র হতাশা থাকলেও মানুষ সংঘবদ্ধ হচ্ছে। পার্বত্যচুক্তি বাস্তবায়নের দাবিতে গত কয়েক মাসে রাঙামাটিতে প্রতীক গণ-অনশন হয়েছে। বান্দরবানের ঘুমধুম থেকে খাগড়াছড়ির দুদুকছড়া পর্যন্ত দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীক গণ-অনশন কর্মসূচিতে মানুষের ব্যাপক অংশগ্রহণ আশা জাগিয়েছে।
অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সবার সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের পথ পাড়ি দিতে হবে।
বিঝু সাংগ্রাই বৈসুক বিষু বিহু সাংক্রান্ত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুণেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি সদর উপজেলা নারী ভাইস চেয়ারমান রিতা চাকমা, উৎসব উদ্যাপন কমিটির সমন্বয়ক বিজয় কেতন চাকমা ও সদস্য শরৎ জ্যোতি চাকমা।
আলোচনা সভা শুরু হওয়ার আগে গিরিসুর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।