জুয়া খেলার দায়ে ১৭ জনের কারাদণ্ড, ১৫ জনের জরিমানা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জুয়াবিরোধী অভিযানে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৫ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত ৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার সুযোগ করে দেওয়ার অপরাধে আদিতমারীর উত্তর গোবধা গ্রামের মমিনুল হক (৪০) ও কিশামত বড়াইবাড়ী গ্রামের রোস্তম আলীকে (৪৮) ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গত বৃহস্পতিবার শালমারা গ্রামের চারজনকে ও শুক্রবার রাত দুইটায় সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামের ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম (৬০) ও জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদও ছিলেন। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এঁদের মধ্যে পুলিশ হুমায়ুন কবীরকে অপর একটি মামলায় কারাগারে পাঠিয়েছে।