জুয়ার আসর বন্ধের দাবিতে নান্দাইলে মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়ার আসর বন্ধের দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ লোকজন। গত শুক্রবার উপজেলার খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করেন। তাতে খারুয়া ও আশপাশের এলাকার বিভিন্ন পেশার শত শত লোক অংশ নেন।

খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মল্লিক জানান, গফরগাঁও উপজেলার জয়নাল পুলিশ নামের এক ব্যক্তি ১২ জুন থেকে নান্দাইল উপজেলার হাটশিরা গ্রামে বড় প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর বসিয়েছেন। তাঁর সঙ্গে আছেন একাধিক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা। প্রতিদিন মাইকযোগে লোভনীয় প্রচারণা চালিয়ে জুয়াখেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, তাঁদের সন্তানেরা বাড়ির মূল্যবান জিনিস বিক্রি করে জুয়াখেলায় অংশ নিচ্ছে। স্থানীয় প্রশাসন জুয়াখেলা বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছেন। মিছিল ও মানববন্ধন শেষে দেওয়ানগঞ্জ বাজারের একটি দোকানে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে আওয়ামী লীগের নেতা জালাল উদ্দিন মল্লিক বলেন, ‘আমরা জুয়ার আসরটি বন্ধ করার জন্য তিন দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে প্রশাসন তা বন্ধ না করলে গ্রামের লোকজনের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হবে।