জুয়ার আসর বন্ধের দাবিতে বাসদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে চলা জুয়ার আসর বন্ধের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের সাতমাথায় মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন বাসদ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, নির্বাহী সদস্য কিবরিয়া হোসেন, দিলরুবা নুরী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে জুয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। মানুষের নীতি-নৈতিকতার অবনমন ঘটাচ্ছে। অথচ প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এসব জুয়ার আসর বন্ধ করে দিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। উচ্চ আদালতের আদেশে বগুড়া শহরসহ বেশ কয়েকটি স্থানে ঘরোয়া খেলার নামে জুয়া খেলা হচ্ছে। ১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ঘরে ঘরে জুয়ার আসর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।