জুরাইন রেললাইন ঘেঁষে অবৈধ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইন রেললাইন ঘেঁষে আবার ভাসমান ও অস্থায়ী অবৈধ বাজার গড়ে উঠেছে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা।
গত শনিবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, জুরাইন লেভেল ক্রসিংয়ের পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার অংশে রেললাইনের দুই পাশে হরেক রকম পণ্যের সমারোহ। পূর্বদিকে কাঠের আসবাবপত্রের দোকানও সাজানো হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এক ঘণ্টা পরপর ট্রেন চলাচল করে। দেখা গেল, এ অবস্থার মধ্যেই ভাসমান বিক্রেতারা রেললাইনের ধার ঘেঁষে পসরা সাজাচ্ছেন, ট্রেন আসার শব্দ পেলে দ্রুত সরে যাচ্ছেন। রেলপথের দুই ধারে ঝুঁকি নিয়ে এভাবেই চলছে বিক্রিবাট্টা।
মাস ছয়েক আগে জুরাইন রেললাইনের ধার ঘেঁষা এবং আশপাশে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধা পাকা এবং টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এর কিছুদিন পরই আবার বাঁশের স্থাপনা গড়ে ওঠে বলে স্থানীয় স্থায়ী দোকানিরা জানান। তবে গতকাল এলাকা ঘুরে দেখা যায়, রেললাইন থেকে কিছু দূরে পাকা বেশ কিছু ভবন এখন পর্যন্ত ভাঙা অবস্থাতেই রয়েছে।
যোগাযোগ করা হলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, একবার উচ্ছেদ হলে আবার ভাসমান দোকানপাট গড়ে ওঠে। তবে বিভিন্ন স্থানে রেলের ধারের অবৈধ স্থাপনা নিয়মিত উচ্ছেদ হচ্ছে। পর্যায়ক্রমে জুরাইনসহ নারায়ণগঞ্জ রুটের অবৈধ বাজারও উচ্ছেদ করা হবে।
জুরাইন রেললাইনের কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি বাজার রয়েছে, যেগুলোর বৈধতার ছাড়পত্র রয়েছে। এগুলোর মধ্যে আছে জুরাইন নিউ সুপার মার্কেট, তালপট্টি মার্কেট, মৎস্য মার্কেট, মুরগি হাট, ফার্নিচার মার্কেট ইত্যাদি। মার্কেটগুলোর ব্যবসায়ী সমিতির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেলের কিছু কর্মকর্তার প্রশ্রয়ে আবারও রেললাইন ঘেঁষে অবৈধ বাজার গড়ে উঠেছে। এলাকার থানা বা রেলওয়ে পুলিশও অবৈধ দোকানিদের বাধা দেয় না।
রেললাইন ঘেঁষা বাজারগুলোয় তরিতরকারি ছাড়াও পাওয়া যায় হাঁস-মুরগি, সব ধরনের ফল, পান, প্লাস্টিক সামগ্রী, হাঁড়িপাতিল, খেলনাসহ বিভিন্ন সামগ্রী। জানা যায়, ‘ভাসমান’ বলা হলেও এখানে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা বেচাকেনা চলে। মূল বাজারের চেয়ে দামে সস্তা বলে এসব দোকানে ক্রেতাদেরও ভিড় বেশি।
রেললাইনের কাছে ঝুঁকি নিয়ে বসেছেন কেন? এমন প্রশ্নে আবদুল হাই নামের একজন বিক্রেতা বলেন, অন্য কোথাও বসার
জায়গা নেই। তাঁর আয়ে সংসার চলে। তবে ট্রেন আসার আভাস পেলে তাঁরা ক্রেতাদের সতর্ক করে দূরে সরিয়ে দেন। অন্যদিকে একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, মূল বাজারের চেয়ে অনেক সস্তায় পাওয়া যায় বলে তাঁরা এসব দোকান থেকে কাঁচা সামগ্রী কিনে থাকেন।