জুরাইন রেললাইন ঘেঁষে বাজার, ঘটছে দুর্ঘটনা
পুরান ঢাকার জুরাইনে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে অস্থায়ী কাঁচাবাজার। আর রেললাইনে দাঁড়িয়েই ঝুঁকি নিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
জুরাইনের এই কাঁচাবাজারের কারণে রেললাইনের প্রায় অর্ধেক পাথর সরে গেছে। বাজারের ময়লা-আবর্জনায় প্রায় মাটির সঙ্গে মিলে গেছে লাইন। এই লাইন দিয়ে দিনে গড়ে ১৩ জোড়া ট্রেন ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচল করে। এই এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেললাইন থেকে কাঁচাবাজারটি নির্দিষ্ট একটি স্থানে স্থানান্তর করা দরকার।
সরেজমিনে দেখা যায়, রেললাইনের উভয় পাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় ছোট-বড় প্রায় ২০০ অস্থায়ী কাঁচামালের দোকান। রেললাইন ঘেঁষা এসব দোকানে ফলমূল ও সবজি সাজিয়ে বিক্রেতারা বসে আছেন। প্রতিটি দোকানের সামনে টানানো রয়েছে শামিয়ানা। ট্রেনের হুইসেল শোনামাত্রই সবকিছু গুছিয়ে নিচ্ছেন তাঁরা। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। কিন্তু ট্রেন চলে যাওয়ার পরপরই রেললাইন রূপ নেয় আগের অবস্থায়।
ব্যবসায়ী জাকির হোসেন প্রতিদিন সকালে রেললাইনের পাশে বিভিন্ন ধরনের সবজির পসরা সাজিয়ে বসেন৷ তিনি বলেন, রেল আসার হুইসেল পেলেই মালামাল গুছিয়ে ফেলা হয়। এভাবে তাঁর ব্যবসা চলে রাত ১০টা পর্যন্ত।
ফল ব্যবসায়ী মো. সুমন বলেন, মাঝেমধ্যে রেললাইনের দুই পাশের সব দোকান উচ্ছেদ করে কর্তৃপক্ষ। কিন্তু আবার দোকান নিয়ে বসেন তাঁরা। এভাবেই চলছে তাঁদের ব্যবসা।
স্থানীয় বাসিন্দা শরিফুল আলম বলেন, জুরাইনের এই কাঁচাবাজারে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। কারণ, রেল আসার আগে হুইসেল দিলেও অনেক সময় তা খেয়াল করেন না তাঁরা। তাই প্রতিদিনই এই এলাকায় রেল এলে গতি কমিয়ে দেন চালক। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কায় রেল থামিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া এই কাঁচাবাজারে মাসে গড়ে চার-পাঁচটি দুর্ঘটনা ঘটছে৷
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, জুরাইনের কাঁচাবাজার উচ্ছেদ করতে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ কিন্তু তারা উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি৷ তিনি বলেন, জুরাইনের এই বাজারটির
কারণে রেললাইনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্ছেদের উদ্যোগ নিলে সহায়তা করবে রেল ও স্থানীয় পুলিশ৷