জুরাইনে কুপিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইন এলাকায় গতকাল সোমবার রাতে সারওয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে তিনি খুন হন বলে স্বজনেরা অভিযোগ করেছেন।সারওয়ার হোসেনের মা সেতারা বেগম জানান, গতকাল সন্ধ্যায় ৪৫৮ জুরাইন মেডিকেল রোডের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন সারওয়ার হোসেন। এরপর বাসা থেকে বের হন। রাত পৌনে আটটার দিকে বাসার কাছেই স্থানীয় সন্ত্রাসী বরিশাইল্লা আরিফ সারওয়ারকে এলোপাতাড়ি কোপায়। সারওয়ার মাটিতে পড়ে গেলে আরিফ ও তাঁর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা সারওয়ারকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, সারওয়ারের বাবার নাম শাখাওয়াত হোসেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সারওয়ার ছিলেন বড়। তিনি এক সন্তানের বাবা।সারওয়ারের স্ত্রী সীমা বেগমও হত্যার জন্য আরিফকে দায়ী করেন। তবে কী নিয়ে বিরোধ, সে বিষয়ে কিছু বলতে পারেননি। এদিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত আরিফকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।