জুরাইনে ছাত্রলীগের সাবেক নেতাকে হত্যা
রাজধানীর কদমতলী থানার জুরাইনে গতকাল সোমবার সন্ধ্যায় গুলি করে ও কুপিয়ে সাজেদুর রহমান (৩২) নামের এক যুবককে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। সাজেদুরের বাবা সাইদুর রহমান জানান, তাঁর ছেলে সিএনজিচালিত অটোরিকশা ব্যবসার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ৮৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, তিনি আগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জুরাইন বুড়ি মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলছিলেন সাজেদুরসহ কয়েকজন। এ সময় ছয়-সাতজন মুখোশপরা অস্ত্রধারী এসে সাজেদুরকে প্রথমে গুলি করে ও পরে কোপায়। এ সময় সাজেদুরকে বাঁচাতে তাঁর বাসার তত্ত্বাবধায়ক বিল্লাল হোসেন এগিয়ে এলে তাঁকেও কোপায় সন্ত্রাসীরা। রাত আটটার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সাজেদুরকে মৃত ঘোষণা করেন।সাজেদুরের বাবা সাইদুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা মোহাম্মদউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দলের একজন নেতা মুঠোফোনে সাজেদুরকে তাঁর পক্ষে কাজ করার জন্য বললে তিনি অস্বীকৃতি জানান। এ কারণে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে দিয়ে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। সাজেদুরের চার বছরের একটি মেয়ে রয়েছে।কদমতলী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। সাজেদুরের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। নিরাপত্তাকর্মীকে গুলি: রাত ১০টার দিকে ধোলাইখালে মদিনা মার্কেটের নিরাপত্তাকর্মী আবুল কাসেমকে গুলি করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। তাঁর পেটে গুলি লাগে।