জুরাইনে দুজনকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে গতকাল শনিবার সন্ধ্যায় একটি বহুজাতিক কোম্পানির পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের দুই কর্মীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাদের মধ্যে আমিনুল ইসলাম (৪২) নামের এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী জুরাইনের নতুন রাস্তায় বহুজাতিক কোম্পানির পণ্যবাহী একটি ভ্যানের গতি রোধ করে। তারা ভ্যানচালকের সামনে বসা আমিনুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে হাতব্যাগভর্তি তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে তারা ভ্যানচালক রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত রফিকুলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনা তদন্তকারী শ্যামপুর থানার সহকারী পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।র্যাবের গুলিতে আহত: গত শুক্রবার মধ্য রাতে শেরেবাংলা নগরে পরিবেশ অধিদপ্তরের কাছে র্যাবের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ সাদ্দাম হোসেন (২১) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে র্যাব-২-এর কাছে খবর আসে পরিবেশ অধিদপ্তরসংলগ্ন এলাকায় একদল ছিনতাইকারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে র্যাব আহতাবস্থায় সাদ্দামকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি এলজি, একটি ধারালো অস্ত্র ও চারটি ককটেল পাওয়া যায়। পরে আহত সাদ্দামকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।