পূর্ব জুরাইনের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ ছিদ্র হয়ে বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব জুরাইনের গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েক দফা আবেদন করা হয়েছে। কিন্তু তা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ছাড়া এই এলাকায় সারা বছরই গ্যাসের তীব্র সংকট রয়েছে। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার রোড-সংলগ্ন করলা গার্মেন্টসের পাশে নালায় বড় বড় বুদ্বুদ সৃষ্টি করে গ্যাস বের হচ্ছে। ফলে এই সড়কের ১১২, ১১২/১, ১১২/২ ও ১৩৯, ১৪০, ১৪১ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বসবাস করছে। একইভাবে হাজী খোরশেদ আলী সরদার রোডের ৭২৬/১ থেকে ৭৩৩ ও ১৮৫৪/১ থেকে ১৯০৫/৫ হোল্ডিং পর্যন্ত বাড়ির সামনের নালায় বুদ্বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এ ছাড়া পূর্ব জুরাইন প্রধান সড়ক, মিষ্টির দোকান, তিতাস খাল, শ্যামপুর খালে এলাকার নালাগুলোতে বুদ্বুদ করে গ্যাস বের হতে দেখা গেছে। এতে এই এলাকার অধিকাংশ বাড়ি-ঘরে সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে না বলে জানিয়েছেন বাসিন্দারা।
গ্যাসের অভাবে দৈনন্দিন রান্নাবান্নার কাজে চরম দুর্ভোগের সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন হাজী খোরশেদ আলী সরদার রোডের বাসিন্দা খলিলুর রহমান। তিনি বলেন, ড্রেন দিয়ে বুদ্বুদ আকারে গ্যাস বের হওয়ায় দীর্ঘদিন ধরে এই এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কম থাকায় চুলায় আঁচ ওঠে না। শীতকালে এই সংকট তীব্র আকার ধারণ করে। রান্নাবান্না করা কঠিন হয়ে পড়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, বর্তমানে পূর্ব জুরাইনে আগের তুলনায় কয়েক গুণ বেশি বাড়িঘর তৈরি হয়েছে। নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। কিন্তু সে অনুযায়ী গ্যাসের সরবরাহব্যবস্থা উন্নত হয়নি।
ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন বলেন, পূর্ব জুরাইনের গ্যাসলাইনের পাইপগুলো মাটির অনেক গভীরে। পাইপগুলোও অনেক পুরোনো। ফলে করলা গার্মেন্টসের পাশে গ্যাসের প্রধান সঞ্চালন লাইনসহ বিভিন্ন স্থানে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছে। নতুন পাইপ লাগাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তিতাস গ্যাসের মতিঝিলের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগে কয়েক দফায় আবেদন করা হয়েছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না।