জুরাছড়ি আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার সরে দাঁড়ালেন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের চার নেতাকে গতকাল রোববার দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চারু বিকাশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমা, যুগ্ম সম্পাদক অনিল কুমার কার্বারি, কৃষক লীগের সভাপতি কেতন চাকমা ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নন্টু চাকমা। গত শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়নের সব কটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হন।
চারু বিকাশ চাকমা বলেন, গতকাল উপজেলা সদরের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশ্রামাগারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা নির্বাচনে ফল বিপর্যয় নিয়ে সভা করেন। উপজেলা সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে সভায় বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে ইউপি নির্বাচনে গোপনে প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়। সবার মতামতের ভিত্তিতে ওই চারজনকে বহিষ্কার করা হয়। উপজেলা সভাপতি প্রবর্তক চাকমা ইউপি নির্বাচনে দলের ব্যর্থতার দায় স্বীকার করে স্বেচ্ছায় সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
তবে বহিষ্কৃত সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমা মুঠোফোনে বলেন, ‘সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমি দলের বিরুদ্ধে কাজ করিনি।’
যুগ্ম সম্পাদক অনিল কুমার কার্বারি বলেন, ‘বিষয়টি দলীয়ভাবে আমাকে জানানো হয়নি। তবে দুর্বৃত্তদের হুমকির কারণে নির্বাচনে কাজ করতে পারিনি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার বিষয়ে প্রবর্তক চাকমাসহ অন্য দুই নেতার বক্তব্য জানা যায়নি।