জুরাছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে ১৫০ একর রোপা আমন ক্ষতিগ্রস্ত
জুরাছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে রোপা আমন চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চারটি ইউনিয়নে ১৫০ একরের বেশি ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষি ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। কৃষি কর্মকর্তারা পাহাড়ি ঢলের কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানেন না বলে জানান।চাষিরা জানান, গত মাসের শেষ সময়ে এবং এ মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়। ওই সময় জুরাছড়ি উপজেলায় পাহাড়ি ঢল শুরু হয়। ঢলে সদর ইউনিয়নের কুসুমছড়ি, লুলংছড়ি, ঘিলাতুলী ও শিলছড়ি গ্রামের প্রায় ৫০ একর, বনযোগীছড়া ইউনিয়নের ছোটপানছড়ি, বহেড়াছড়ি ও চুমাচুমি গ্রামের ২০ একর, মৈদং ইউনিয়নের বারাবান্যা ও ফকিরাছড়ি গ্রামের ৩০ একর এবং দুমদুম্যা ইউনিয়নের বরকলক, বড় কড়াইদিয়া, বগাখালী গ্রামের ৫০ একর ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়।কুসুমছড়ি গ্রামের মেনকা চাকমা জানান, অভাবের সংসার, পরের জমিতে বর্গা চাষ করে সংসার চলে। ঢলে জমির ফসল ভেসে যাওয়ায় এ বছর অনাহারে থাকতে হবে। শীলছড়ির গোলচোগা চাকমা (৪৫) ও ঘিলাতুলী গ্রামের কৃষ্ণকুমার চাকমা (৪৮) জানান, এ বছর তেমন কোনো পাহাড়ি ঢল ছিল না। কিন্তু শেষ সময়ে এসে তিন দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে সব ফসল নষ্ট করে দিল।উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জুরাছড়ি উপজেলায় ৮১৫ একর জমিতে উচ্চ ফলনশীল এবং ৩৭ একর জমিতে স্থানীয় জাতের রোপা আমন চাষ হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বীর কুমার চাকমা জানান, উপজেলায় পাহাড়ি ঢল হয়েছে তা ঠিক। তবে কী পরিমাণ ফসল ক্ষতি হয়েছে তা চাষিরা জানাননি। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যানন চাকমা ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ মণি চাকমা ১৫০ একরের বেশি রোপা আমন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার সময় নেই।জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা বলেন, পাহাড়ি ঢলে রোপা আমন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। কৃষিনির্ভর এ উপজেলায় অসময়ে পাহাড়ি ঢলে জমির ফসল নষ্ট হওয়ায় খাদ্যসংকটের আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার কী পরিমাণ ক্ষতি হয়েছে তালিকা করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, পাহাড়ি ঢলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা হিসাব না করে বলা সম্ভব নয়।