জুরাছড়িতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু স্বামী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির দুর্গম জুরাছড়িতে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় সনতারা চাকমা (৮০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন তাঁর স্বামী হূদয় কুণ্ড চাকমা (৮২)।

এ ছাড়া অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয়, মৈদুং ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়, হিল ফ্লাওয়ার নামের একটি বেসরকারি সংস্থার কার্যালয়সহ আটটি বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ লাখ টাকা। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খাদ্যগুদাম এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় বাড়িতে ঘুমিয়ে থাকা স্থানীয় গ্রামপ্রধান (কার্বারি) হূদয় কুণ্ড চাকমা অগ্নিদগ্ধ হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর পর সনতারা চাকমা লাশ উদ্ধার করা হয়।

তাঁদের ছেলে কৃষ্ণ বিজয় চাকমা জানান, আগুন যখন বাড়ছিল, তখন তিনি প্রথমে মাকে বাড়ির বাইরে নিয়ে আসেন। পরে তাঁর বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে থেকে ফিরে আর মাকে পাননি। সম্ভবত কোনো কিছু আনতে বাড়ির ভেতর গিয়ে আর বের হতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, দুর্গম হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের যাওয়া সম্ভব নয়। তাই সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ঘটনা তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মো. মাসুদুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী দেওয়া হয়।