জুরাছড়িতে আদিবাসী গ্রামে হামলার পর থানা লক্ষ্য করে গুলি
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় দুজন আহত হয়েছে। তাদের রাঙামাটি সদর হাসপাতাল ও জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা জুরাছড়ি থানা লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।এদিকে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আহত দুজনকে নিজেদের সমর্থক বলে দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনায় তারা জনসংহতি সমিতিকে দায়ী করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে জুরাছড়ি থানার অদূরে লেবারপাড়া গ্রামের কয়েকটি বাড়ি ঘেরাও করে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র দল। তারা প্রভু চাকমার (৩৫) বাড়িতে ঢুকে তাঁকে খুঁজতে থাকে। প্রভু চাকমাকে না পেয়ে তাঁর বড় ভাই কৃষ্ণসেন চাকমাকে বেদম মারধর ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁকে মৃত ভেবে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রভু চাকমার বাড়িতে চিত্কার শুনে পাশের বাড়ির প্রশান্ত চাকমা (৩৫) বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। তারা প্রশান্তকে লক্ষ্য করে ১৫ থেকে ২০টি গুলি ছোড়ে। এতে তিনি বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে খাগড়াছড়ি খালে লাফ দেন। তাঁকেও মৃত ভেবে দুর্বৃত্তরা ওই এলাকা ত্যাগ করে।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কুমারেশ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই সময় সন্ত্রাসীরা থানা লক্ষ্য করে কমপক্ষে সাতটি গুলি ছোড়ে। তারা থানা আক্রমণ করেছে ভেবে তখনই পাশের সেনাক্যাম্পে খবর দিই। পরে সেনাবাহিনী এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে।’ কৃষ্ণসেনকে রাঙামাটি সদর হাসপাতালে এবং প্রশান্তকে জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা সভাপতি মহারঞ্জন চাকমার সভাপতিত্বে উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ করে ইউপিডিএফ। এতে বক্তৃতা করেন ডেমোক্রেটিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক পরেশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা স্মৃতিবিন্দু চাকমা প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, জনসংহতি সমিতি আতঙ্ক সৃষ্টি ও আধিপত্য বিস্তারের জন্য এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তাঁরা।অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ বোধিসত্ত্ব চাকমা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ তোলা হয়েছে।