জুরাছড়িতে আবার বন্দুকযুদ্ধ, দুজন গুলিবিদ্ধ
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গতকাল বৃহস্পতিবার পার্বত্য চুক্তির সমর্থক ও বিরোধিতাকারী আদিবাসী দুই পক্ষের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কমপক্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বন্দুকযুদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, জুরাছড়ি সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিতিংগাছড়ি এলাকায় বিকেল সোয়া তিনটার দিকে দুই পক্ষের গুলিবিনিময় শুরু হয়। পরে তা গবছড়ি ও কুসুমছড়ি এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় উপজেলা সদর থেকে গুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে গেলে বন্দুকযুদ্ধ থেমে যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র দাবি করে, বন্দুকযুদ্ধে কমপক্ষে দুজনকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। তবে তারা কে কোন পক্ষের দূর থেকে তা বোঝা যায়নি।সন্ধ্যা সোয়া সাতটায় জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ঘটনাস্থল থেকে জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি করছে। ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় ভয়ে কিছু লোক এলাকা ছেড়ে পালিয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।জুরাছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উল্লিখিত আদিবাসী দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে সংঘর্ষ চলছে। সর্বশেষ গত শনিবার বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়।