জুরাছড়িতে ইউপি সদস্যসহ দুজন অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য বীর চাকমা (৪০) ও মগবাজার এলাকায় চিত্রকুমার চাকমা (৫৪) নামের এক আদিবাসীকে অপহরণ করা হয়েছে বলে তাঁদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। নিখোঁজদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি থানায় জানানো হচ্ছে না বলে পরিবারের লোকজন জানিয়েছেন ।বীর চাকমার পরিবারের সদস্যরা জানান, গত সোমবার ভোরে কয়েকজন লোক বীর চাকমাকে তাঁর জুড়াছড়ির এক আত্মীয়ের বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনদের ধারণা, তাঁকে অপহরণ করা হয়েছে। তিনি গত রোববার উপজেলা সদরে ওই আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করেন। একই সময়ে ওই ইউনিয়নের মগবাজার এলাকার নিজ বাড়ি থেকে চিত্রকুমার চাকমাকে কে বা কারা ডেকে নিয়ে যায়। চিত্রকুমারের এক আত্মীয় অভিযোগ করেছেন, তাঁকে অপহরণ করা হয়েছে। তবে পরিবারের লোকজন এ বিষয়ে মুখ খুলছেন না। এ ব্যাপারে জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বলেন, অপহরণের বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি।প্রসঙ্গত, জুরাছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে শান্তিচুক্তির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ও অপহরণের ঘটনা ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জনপ্রতিনিধি জানিয়েছেন, এসব ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।