জুরাছড়িতে ইউপিডিএফ নেতা অপহরণের অভিযোগ চারজনকে মারধর
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন থেকে কল্পরঞ্জন চাকমা (২২) নামের ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছোট পানছড়ির গ্রাম পঞ্চায়েত সাধারণ সম্পাদক। অপহরণে বাধা দিলে দুর্বৃত্তরা চারজনকে মারধর করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি গ্রামে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল ইউপিডিএফের নেতা কল্পরঞ্জন চাকমা ও তাঁর কয়েকজন প্রতিবেশীর বাড়ি ঘেরাও করে। তারা কল্পরঞ্জনকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা কল্পরঞ্জনের স্ত্রী মহারানী চাকমা, শ্বশুর বলরাম চাকমা, প্রতিবেশী শংকর চাকমা ও বিরঙ্গ চাকমাকে মারধর করে।ইউপিডিএফের জুরাছড়ি শাখার সভাপতি মহারঞ্জন চাকমা অপহরণ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির সমর্থক জনসংহতি সমিতির জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক বোধিস্বত্ব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, জনসংহতি সমিতি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়। এ ব্যাপারে জুরাছড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুবকর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘অপহরণের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় কেউ মামলা করেনি।’