জুরাছড়িতে ইউপিডিএফ সদস্য খুন
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য প্রশান্ত চাকমা ওরফে স্বর্ণলালকে (৩০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের যক্ষ্মাবাজারের পাশের লেবারপাড়া এলাকায় স্বর্ণলালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সশস্ত্র তিন ব্যক্তি স্বর্ণলালের বাড়ির সামনে গিয়ে তাঁকে বের হতে বলেন। স্বর্ণলাল বাড়ি থেকে বের হলে তাঁকে জাতির বেঈমান বলে বুকে অস্ত্র তাক করে তারা। সন্ত্রাসীরা স্বর্ণলালের ডান চোখ, কানের পাশ ও নাভির ডান পাশে তিনটি গুলি চালায়। স্বর্ণলাল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা চলে যায়।ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমার দাবি স্বর্ণলাল ইউপিডিএফের সদস্য। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জনসংহতি সমিতির নেতা-কর্মীরা জড়িত। তবে জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমা অভিযোগ অস্বীকার করেছেন।জুরাছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে সন্ত্রাসীদের গুলিতে আহত হন স্বর্ণলাল। এক বছর আগে স্বর্ণলালের বাবা প্রেম কুমার চাকমাও সন্ত্রাসীর গুলিতে মারা যান।