জুরাছড়িতে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এই কর্মকর্তা দাবি করেছেন, তিনি ওই টাকা ফেরত দিয়েছেন।
অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই উপজেলার মৈদ্যুং ইউনিয়নের জামেরছড়ি, ভুয়াতলী ও তেছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুমদুম্যা ইউনিয়নের বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চার কিস্তির উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর যোগাযোগসহ বিভিন্ন ভাতার নামে ১ হাজার ২০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা কেটে রাখেন। ৬০০ টাকা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কেটে রাখা হয় ১৫০ টাকা করে। সে হিসাবে বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ হাজার, জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮ হাজার এবং ভুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ হাজার টাকা কেটে রাখেন তিনি।
বিষয়টি জানাজানি হলে ২৬ জুলাই উপজেলা পরিষদের মাসিক সভায় এ নিয়ে আলোচনা হয়। সভায় কর্মকর্তা আশীষ কুমার ধরকে ওই টাকা ফেরত দিতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে গত বুধবার মুঠোফোনে আশীষ কুমার ধর বলেন, তিনি উপবৃত্তির সব টাকাই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে ফেরত দিয়েছেন।
তবে গতকাল বৃহস্পতিবার ওই চারটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, এখনো ওই টাকা ফেরত দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘উপবৃত্তির টাকা ফেরত দিতে ওই কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, এখানে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছে। বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু অভিভাবকদের বিকাশ নম্বর না থাকায় ব্যাংক থেকে তুলে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় টাকা পাঠাতে দেরি হচ্ছে।