জুরাছড়িতে এক সপ্তাহে একজন খুন, অপহূত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য শান্তিচুক্তির সমর্থক ও বিরোধী আদিবাসীদের মধ্যে হত্যা, অপহরণ ও গুমের ঘটনা ঘটেই চলছে। শুধু উপজেলা সদরে গত এক সপ্তাহে একজন খুন, দুই নারীসহ পাঁচজনকে অপহরণ বা গুম করার খবর পাওয়া গেছে।অপহরণ-পাল্টা অপহরণ ও হত্যার ঘটনায় জুরাছড়িতে আতঙ্ক বিরাজ করছে। লোকজনের মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে বেড়ানো এবং প্রকাশ্যে কেউ কিছু বলার বা একজন অন্যজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার পরিবেশ পর্যন্ত উঠে যাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১ মে ভিতর বালুখালী পাড়ার শংকর চাকমা নামের চুক্তিবিরোধী একজনকে অপহরণ করা হয়। পরদিন সকালে লেবারপাড়ায় চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য প্রশান্ত চাকমা ওরফে স্বর্ণলালকে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। পরে স্বর্ণলাল হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে মঙ্গলবার অপহরণ করা হয়। এঁরা হলেন ছোট পানছড়ি গ্রামের অশ্বিনী কুমার চাকমা (৬০) ও গুণধর চাকমা (৪৫) এবং মধ্যবালুখালীর গ্রামের মিনতি চাকমা (৫০)। তবে একদিন পর মিনতি চাকমাকে মুক্তি দেওয়া হয়।মঙ্গলবার রাতে দেবী চাকমা (৪০) নামের এক নারী লেবারপাড়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বামী চুক্তিপক্ষের সক্রিয় সদস্য এবং সংগঠনের কাজে ও চুক্তিবিরোধীদের ভয়ে সব সময় বাড়ির বাইরে থাকতেন বলে জানা গেছে। এর আগে ২ মে সন্ধ্যায় দেবী চাকমাকে চুক্তিবিরোধীরা বেদম মারধর করে। ওই সময় তাঁর বিরুদ্ধে হত্যাকারীদের কাছে স্বর্ণলালের অবস্থান নিশ্চিত করার অভিযোগ আনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, ওই দিন গভীর রাতে দেবী চাকমার বাড়িতে কয়েকজন পুরুষের কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। পরদিন সকাল থেকে তাঁর বাড়ি তালাবদ্ধ রয়েছে। দেবী চাকমাকে গুম করা হতে পারে বলে অনেকে সন্দেহ করছেন।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বলেন, বিভিন্ন সময় অপহরণ ঘটনার খবর শোনা গেলেও কেউ অভিযোগ করে না। আবার অপহরণের পর সমঝোতার খবরও শোনা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক জুরাছড়ির বর্তমান ও সাবেক কয়েকজন জনপ্রতিনিধি জানান, জুরাছড়িতে প্রতি মাসে হত্যা ও পাল্টাপাল্টি অপহরণের ঘটনা ঘটে। অনেক সময় অপহূতদের বিনিময়ের খবরও শোনা যায়। এ ছাড়া টাকার বিনিময়ে বা প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক না রাখার শর্তে অপহূতদের মুক্তি দেওয়া হয় বলে তাঁরা জানান।সংশ্লিষ্ট লোকজনের অভিযোগ, প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ রয়েছে এই সন্দেহে জুরাছড়ির বিভিন্ন গ্রামে কয়েক শ মানুষ নিজ পাড়ায় নজরবন্দী রয়েছেন। যে পাড়ায় যাদের আধিপত্য, সে পাড়ায় প্রতিপক্ষের লোকজনকে নজরবন্দী রাখা হয়। উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধির উপজেলার বাইরে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে।এসব ঘটনার জন্য উভয় পক্ষের নেতারা একে অপরকে দায়ী করে আত্মরক্ষার্থে প্রতিপক্ষের সমর্থকদের কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের কথা স্বীকার করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, চুক্তির সমর্থক বা বিরোধীদের বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি তাঁর জানা নেই। তবে অনেকে নিরাপত্তা ও ভুল বোঝাবুঝি থেকে বাঁচতে বাইরে যেতে চান না।