জুরাছড়িতে চারটি অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনী গভীর রাতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করেছে। এ সময় সেনাসদস্যরা দুই আদিবাসীকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছেন। জুরাছড়ি থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল ও দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও পিস্তলের ২৫টি গুলি।জানা গেছে, সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল নাজিম উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল রাতে উপজেলা সদরের মসজিদের পশ্চিম পাশের দুই আদিবাসী বাড়ির মাঝখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় রবিধন চাকমা (১৫) ও তার কাকা সাধক চাকমাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি।