জুরাছড়িতে দুই হাজার পরিবার খাদ্যসংকটে
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী চারটি ওয়ার্ডে খাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে দুই হাজারের বেশি পরিবার অর্ধাহারে-অনাহারে রয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুণ মণি চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়নের সংকটকবলিত ওয়ার্ডগুলোর দূরত্ব রাঙামাটি থেকে কমপক্ষে ১৫০ ও জুরাছড়ি উপজেলা সদর থেকে ১০০ কিলোমিটার দূরে। ওই সব দুর্গম এলাকায় জুমচাষের উৎপাদন কমে যাওয়ায় মানুষ বার্ষিক খাদ্য সংগ্রহ করতে পারে না। আর বাংলা বছরের বৈশাখের চেয়ে শ্রাবণ মাস বেশি সংকটের সময়। কারণ, এ সময় কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পরিবহন খরচ বেড়ে যায়। বালুছড়া গ্রামের রামলাল তঞ্চঙ্গ্যা বলেন, গত কয়েক বছর জুমচাষে ফলন কমে যাওয়ায় এলাকার লোকজন খাদ্যসংকটে পড়ছেন। জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা বলেন, ‘আমার কাছে অনেকে খাদ্যসংকটের কথা বলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সাইফুল ইসলাম বলেন, ‘দুমদুম্যা ইউনিয়নে খাদ্যসংকটের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আবেদন পেয়েছি। সেখানে তিনি বিশেষ ভিজিএফ কর্মসূচি চালুর আবেদন করেছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।’ জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘আবেদনটি আমি এখনো হাতে পাইনি।’ জেলায় যথেষ্ট খাদ্য মজুত রয়েছে বলে উল্লেখ করে বলেন, এ সময়টাতে কোথাও খাদ্যের সংকট দেখা দিলে যেন ব্যবস্থা নেওয়া যায় তার প্রস্তুতি রয়েছে। যদি পরিবহনে অসুবিধা হয়, তার ব্যবস্থাও প্রশাসনের পক্ষ থেকে করা হবে।