জুরাছড়িতে নিরাপত্তা জোরদার, জনপ্রতিনিধিরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে হত্যার ঘটনার পর চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে, পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) বিরোধিতা করে যাঁরা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গত রোববার রাত আটটার দিকে জুরাছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গোপাল চাকমাকে (৩০) তাঁর বাড়িতে গুলি করে হত্যা করা হয়। তিনি ইউপিডিএফের বাধা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। স্থানীয় একাধিক সূত্রের ভাষ্যমতে, গত ৮ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইউপিডিএফ তাদের সমর্থিত প্রার্থীদের জয়ী করতে অন্যান্য প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হুমকি ও বাধা দিয়েছিল। অনেকেই বাধা উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান, সদস্য পদে এবং সংরক্ষিত নারী আসনে জয়ী হন। জানা গেছে, ১৭ মে তরুণ মণি চাকমাকে অপহরণের চেষ্টা করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। ওই সময় তিনি থানায় আশ্রয় নিয়ে বাঁচেন। পরে তিনি দুমদুম্যা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করে তরুণ মণি চাকমা বলেন, ‘এখনো আতঙ্কে আছি।’ উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা দুর্গম এলাকার নিজেদের বাড়ি থেকে এখন উপজেলা সদর বা রাঙামাটি শহরে পালিয়ে এসেছেন। তাঁরা প্রতিদিন স্থান পরিবর্তন করে রাত ঘুমাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাঙামাটিতে আসা এক জনপ্রতিনিধি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার থেকে ইউপিডিএফের লোকজন মুঠোফোনগুলো জব্দ করেছে। সে কারণে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এখন সেখানে কারও সঙ্গে কেউ যোগাযোগও করতে পারছে না।যোগাযোগ করা হলে জুরাছড়ি সদর ইউপির চেয়ারম্যান কেনন চাকমা বলেন, ‘গোপাল চাকমার হত্যার পর মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্ক বিরাজ করছে।’ বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, ‘আমরা খুবই আতঙ্কে আছি। বুঝতে পারছি না গোপাল খুন হওয়ার পেছনে রাজনীতিক দ্বন্দ্ব, না নির্বাচনের জের।’ সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াল বিহারী চাকমা বলেন, ‘নির্বাচনের সময় আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’ তবে নির্বাচিত হওয়ার পর আর কেউ হুমকি দেয়নি বলে তিনি জানান।এ ব্যাপারে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘মানুষের আতঙ্কের কারণে উপজেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’