জুরাছড়িতে বন্দুকযুদ্ধ দুজন হতাহতের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়িতে পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষ আদিবাসীদের মধ্যে প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধে উভয় পক্ষে দুজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সেনাবাহিনী বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করলেও হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি।স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জুরাছড়ি সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আমতলা এলাকায় গতকাল শনিবার বিকেল পৌনে চারটার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী থেমে থেমে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে চুক্তির পক্ষের জনসংহতি সমিতির একজন নিহত এবং চুক্তির বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক ব্যক্তি আহত হয়েছেন।ওই সূত্রগুলো জানায়, ইউপিডিএফের একদল সদস্যের আমতলা নন্দীছড়া গ্রামে যাওয়ার খবর পেয়ে জনসংহতি সমিতির সদস্যরা তাঁদের আক্রমণ করতে যান। কিন্তু সেই খবর আগেই ইউপিডিএফের সদস্যরা জানতে পারেন। ওই সময় ইউপিডিএফের সদস্যরা ওত পেতে থাকেন। পরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়।রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বছরেরও বেশি সময় ধরে ভ্রাতৃঘাতী সংঘাত চলে আসছে। এ বছরের ২১ জানুয়ারি জনসংহতি সমিতি ও ইউপিডিএফের বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হন। এর আগে ২০০৯ সালে ওই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে উভয় পক্ষে নয়জন নিহত হন।স্থানীয় সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বন্দুকযুদ্ধের খবর পাওয়ার পর শালবাগান সেনাছাউনি থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলের দিকে গেছেন। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাবে না।জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বলেন, তিনি বন্দুকযুদ্ধের ঘটনা শুনেছেন। তবে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় হতাহতের খবর জানেন না।ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমাও বন্দুকযুদ্ধ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের খবর জানাতে পারেননি।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, বন্দুকযুদ্ধের খবর তাঁদের জানা নেই।