জুরাছড়িতে বোরোর খেতে অজ্ঞাত রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বোরো ধানের খেতে অজ্ঞাত রোগ ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে ৩৫ থেকে ৫০ একর জমিতে এ রোগ দেখা দিয়েছে এবং ১০-১৫ একর জমির ধানগাছ নষ্ট হয়ে গেছে। এখনই রোগ দমনের উদ্যোগ না নিলে বোরোর উৎপাদন ব্যাহত হবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলী জানান, জমির উর্বরতা পরীক্ষা না করে বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার এবং ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সারের অভাবে এ রোগ দেখা দিতে পারে।কৃষকেরা জানান, প্রথমে ধানগাছের পাতায় সাদা চোখের মতো দাগ দেখা যায়। ধীরে ধীরে ওই দাগ পুরো গাছে ছড়িয়ে পড়ে। এরপর ধানগাছ শুকিয়ে মরে যাচ্ছে। প্রথমে সার ও কীটনাশক প্রয়োগে কিছুটা উপকার পাওয়া গিয়েছিল। কিন্তু কিছুদিন পরে ওই রোগে আবার ধানগাছগুলো আক্রান্ত হয়। এ রোগ এখন ভালো জমিতেও ছড়িয়ে পড়ছে।উপসহকারী কৃষি কর্মকর্তা উৎপল চাকমা, উত্তম কুমার বিশ্বাস ও আশিস চাকমা জানান, অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁরা বিভিন্ন এলাকায় গিয়ে বোরোখেত পরিদর্শন করেছেন। কর্মকর্তা বলেন, তাঁদের ধারণা, এটি পাতাপোড়া (ব্লাস্ট) অথবা বীজবাহী কোনো রোগ। রোগ দমনের চেষ্টা চলছে।বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়ার কৃষক প্রমোদ চাকমা (৪০) জানান, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে যেসব পরামর্শ দিচ্ছেন, তা প্রয়োগ করার পরও রোগ দমন করা যাচ্ছে না।উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলী জানান, তিনিসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা রোগ দমনে পরিশ্রম করে যাচ্ছেন। কয়েক দিন আগে এ রোগ দেখা দেওয়ার পর প্রতিদিন মাঠ পরিদর্শন করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। রোগ দমনে আরও কয়েক দিন লাগবে।