সংঘাত বন্ধ করা না হলে প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে এখানে উন্নয়ন কার্যক্রম চালানো সম্ভব হবে না। গতকাল বুধবার রাঙামাটির জুরাছড়ি উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর জুরাছড়ি ক্যাম্পের অধিনায়ক মেজর রাইসুল বলেন, সম্প্রতি যেভাবে ঘন ঘন সংঘর্ষের ঘটনা ঘটছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে উঠেছে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনী চুপ করে বসে থাকতে পারে না। শালবন এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ওই স্থানে আবার অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপকুমার চাকমা শালবন এলাকাসহ আরও কয়েকটি স্থানে পুনরায় স্থায়ীভাবে সেনাক্যাম্প স্থাপনের দাবি জানান।বেসরকারি সংস্থা ‘পদক্ষেপের’ জেলা সমন্বয়কারী এস এম মোস্তফা জানান, তাঁরা বিভিন্ন বিদেশি সংস্থার সহায়তায় জুরাছড়ি উপজেলায় খাদ্যনিরাপত্তাসহ কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে প্রকল্প গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে এসব প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সভায় বিবদমান পক্ষগুলোর কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে। তা ছাড়া সংঘাত বন্ধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালানো, সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত সংবাদ পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশের জরুরি মুঠোফোন নম্বর জানিয়ে দেওয়া হয়েছে বলে ইউএনও জানান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবর্তক চাকমা, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি চাকমা, নিবারণ চাকমা, সম্রাট চাকমা, রাজেয়া চাকমাসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা।জুরাছড়ি উপজেলায় পার্বত্যচুক্তির সমর্থক ও বিরোধী আদিবাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত চলে আসছে। এসব সংঘাতে চলতি বছর নয়জন নিহত ও সাতজন আহত এবং কমপক্ষে ১৫ জন অপহূত হওয়ার খবর পাওয়া গেছে।