জুরাছড়িতে সেচের চিন্তায় কৃষকেরা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কেনা ১০৪টি সেচপাম্প অব্যবহূত অবস্থায় পড়ে আছে। অথচ কৃষকেরা প্রায় এক বছর অপেক্ষার পরও চাষের মৌসুমে সেচপাম্প না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সেচ প্রকল্পের জন্য কেনা ৪, ৬, ১২ ও ১৬ অশ্বশক্তির ১০৪টি সেচপাম্পের মূল্য প্রায় ২৪ লাখ টাকা। গত ছয় মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকৌশলী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদগুলোতে পরিবর্তন হওয়ায় সেচপাম্প গ্রহণ ও বিতরণে জটিলতা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিপির আওতায় উপজেলা প্রশাসন সেচপাম্প বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। পরে উপজেলার চারটি ইউনিয়নের ১০৪ জন কৃষককে সেচপাম্প দেওয়ার জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে সদর ও বনযোগীছড়া ইউনিয়নে ৩০ জন এবং মৈদুং ও দুমদুম্যা ইউনিয়নে ২২ জন করে কৃষককে সেচপাম্প দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী গত বছরের ২১ নভেম্বর দরপত্র আহ্বান করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান জগ এন্টারপ্রাইজ ও শৈশব এন্টারপ্রাইজ সেচপাম্পগুলো সরবরাহ করে। সেচপাম্পগুলো বর্তমানে জুরাছড়ি এলজিইডির কার্যালয়ে পড়ে আছে।সেচপাম্প পাওয়ার জন্য তালিকাভুক্ত সদর ইউনিয়নের কৃষক শৈলেশ্বর চাকমা বলেন, আবেদন করার পর গত এক বছরেও তাঁদের সেচপাম্প দেওয়া হয়নি। কিন্তু সেচপাম্প কেনা হয়েছে বলে তাঁরা খবর পেয়েছেন।বনযোগীছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামের ধন কুমার চাকমা ও কাল্যেরাম পাড়ার পূর্ণচন্দ্র চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি নেমে যাচ্ছে। এখন বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। এরপর চারা রোপণের পরই জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে জমিতে সেচের প্রয়োজন হবে। বোরো মৌসুমের চাষ সম্পূর্ণ সেচনির্ভর। তাই এ সময়ের মধ্যে সেচপাম্প দেওয়া না হলে জমি পরিচর্যা ও উৎপাদনে ব্যাঘাত ঘটবে।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেনন চাকমা ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা অভিযোগ করেন, সেচপাম্পগুলো দীর্ঘদিন ফেলে রাখায় এলজিইডির কার্যালয় থেকে সম্ভবত কৃষকদের তালিকা হারিয়ে গেছে। কারণ অনেকবার খোঁজাখুঁজি করেও তালিকাটা উদ্ধার করা যায়নি। চাষের মৌসুম শুরু হয়ে গেছে। তাই প্রয়োজনে নতুন তালিকা করে সেচপাম্পগুলো বিতরণ করা হলে কৃষকেরা উপকৃত হবেন। তবে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যানরা কয়েকবার বৈঠক করার পরও কৃষকদের সেচপাম্প না পাওয়াটা বিস্ময়কর। তিনি সম্প্রতি জুরাছড়িতে বদলি হয়ে এসেছেন। আগে কী হয়েছে, তা জানেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন বলেন, এক বছর ধরে কেন সেচপাম্পগুলো পড়ে আছে, তা খোঁজ নিয়ে শিগগির বিতরণের উদ্যোগ নেওয়া হবে।