জুরাছড়ির শতাধিক পরিবার স্বাস্থ্যসেবা বঞ্চিত
রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের শতাধিক পরিবার সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ওইসব পরিবারের শিশুদের কোনো সময়ই টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়নি। কারণ, জাতীয় টিকা দিবস ও ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মী যান না। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা এ অভিযোগ করেন।মৈদুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি অনেক সরকারি ও এনজিও সভায় উত্থাপন করা হয়েছে।গত বৃহস্পতি ও শুক্রবার রাঙামাটি শহর থেকে ৮৫ কিলোমিটারের বেশি দূরের পাহাড়ের চূড়ার বটতলীমোন পাড়া, জামেইছড়িমোন পাড়া ও মঘাছড়িমোন পাড়ায় গেলে এ অভিযোগ করা হয়। মঘাছড়িমোন পাড়ার ছয় মাসের অন্তঃসত্ত্বা চিত্তপুদি তঞ্চঙ্গ্যা (২৩) বলেন, ‘অন্তঃসত্ত্বা মায়েদের টিকা নিতে হয়, তা আমার জানা নেই।’ তাঁর চার বছর বয়সী মেয়ে নিজলদেবী তঞ্চঙ্গ্যাকেও এ পর্যন্ত টিকা দেওয়া এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়নি। বটতলামোন পাড়ার প্রধান আনজল তঞ্চঙ্গ্যা বলেন, “শুধু পাঁচ বছর বয়সী শিশু নয়, কোনো বয়সের কেউ টিকা নেয়নি বা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খায়নি। কারণ, স্বাস্থ্যকর্মীরা আমাদের পাড়াগুলোতে আসেন না।” মৈদুং ইউনিয়ন পরিষদের সদস্য মেয়েরাম চাকমা বলেন, ‘এ তিনটি পাড়া নিয়ে আমার ৩ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে কোনো টিকাদান কেন্দ্র নেই। জাতীয় টিকা দিবসেও কোনো কেন্দ্র বসানো হয় না। রাঙামাটি জেলা সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এসব দুর্গম এলাকায় আমরা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ করি। তার পরও যদি ওই এলাকার শিশুরা বাদ পড়ে যায়, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’