জুরি বোর্ডের প্রধান মনজুরুল আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ইউনেসকো পরিচালিত ইউনেসকো/গুইরেমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কারের জুরি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভার পক্ষ থেকে এ মনোনয়নের কথা জানানো হয়েছে। চলতি মাস থেকে এ বাছাই প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে। প্রতিবছর বিশ্বের সাংবাদিকদের মধ্য থেকে বাছাই করে একজনকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের পেশাদার সাংবাদিকদের জন্য এটিই সবচেয়ে মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার হিসেবে স্বীকৃত। বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা জুরি বোর্ডের সদস্য।ইউনেসকোর ব্যবস্থাপনায় এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে দক্ষিণ আমেরিকার অনুসন্ধানী সাংবাদিক গুইরেমো ক্যানোর নামে। মাদক পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১৯৮৬ সালের ১৭ ডিসেম্বর ভাড়াটে খুনিদের হাতে তিনি নিহত হন। ১৯৯৭ সাল থেকে ইউনেসকো তাঁর নামে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার মার্কিন ডলার। এ বছর দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকায় আগামী ৩ মে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক বিতরণ করা হবে। উল্লেখ্য, মনজুরুল আহসান বুলবুল ২০১১ সাল থেকে ইউনেসকো/ গুইরেমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক। বিজ্ঞপ্তি।