চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে কারাগারের ভেতরে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রিমান্ডের আবেদন নাকচ করে চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ এই আদেশ দেন।এর আগে আনোয়ারা থানার পুলিশ জুলফিকার আলী মজুমদারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে এ বিষয়ে প্রায় এক ঘণ্টা শুনানি হয়।সূত্র জানায়, শুনানির পর আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তা কারাগারের একটি কক্ষে জুলফিকারকে ১০ দিন ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রয়োজন মনে করলে তদন্ত কর্মকর্তা যেকোনো পদের আরও পাঁচজন পুলিশ কর্মকর্তাকে সঙ্গে রাখতে পারবেন। তবে আগামী ৩০ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। আনোয়ারা থানার পুলিশের রিমান্ডের আবেদনে বলা হয়, আসামি জুলফিকার প্রত্যক্ষভাবে জড়িত থেকে এবং তাঁর নির্দেশে দরবারের টাকা লুট করা হয়, যার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে দরবারের লুণ্ঠিত দুই কোটি সাত হাজার টাকা থেকে আসামি নিজে কত টাকা পেয়েছেন এবং জড়িত অন্য আসামিদের কত টাকা ভাগ দেওয়া হয়েছে, তার হিসাবসহ লুণ্ঠিত টাকা উদ্ধার সম্ভব।প্রসঙ্গত, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী একটি মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র্যাবের সদস্য ও দুজন র্যাবের সোর্স। তাঁদের মধ্যে প্রধান আসামি জুলফিকার আলী মজুমদার। গত ৩০ এপ্রিল তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। এরপর ২ মে দিবাগত রাতে আনোয়ারা থানার পুলিশ রমনা থানার পুলিশের সহযোগিতায় জুলফিকারকে গ্রেপ্তার করে।