চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার আবেদন করেছে আনোয়ারা থানার পুলিশ। চট্টগ্রামের বিচারিক হাকিম মাসুদ পারভেজ আগামীকাল বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন। তদন্ত কর্মকর্তা গতকাল আদালতে একটি প্রতিবেদনও দাখিল করেন। প্রতিবেদনে কারাগারে জুলফিকারকে জিজ্ঞাসাবাদের অগ্রগতি সম্পর্কে বর্ণনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বর তালসরা দরবারে অভিযানে অংশ নেওয়ার কথা স্বীকার করেন জুলফিকার। তবে টাকা লুটের ব্যাপারে নীরব ছিলেন তিনি। এ ব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার প্রয়োজন রয়েছে। আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছর ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন।