জুলফিকারের রিমান্ড নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবারের দুই কোটি টাকা লুটের ঘটনায় র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারের অভ্যন্তরে তাঁকে ধারাবাহিকভাবে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ আদালতে জুলফিকারের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানির সময় জুলফিকারকে আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছর ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র‌্যাব সদস্য ও দুজন র‌্যাবের সোর্স। তাঁদের মধ্যে প্রধান আসামি চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলার কৌঁসুলি (পিপি) আবুল হাশেম সাংবাদিকদের বলেন, ‘আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনেছেন। পাশাপাশি জুলফিকারের বক্তব্যও জানতে চেয়েছেন। সব পক্ষের বক্তব্য শুনে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারের ভেতরে ধারাবাহিকভাবে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’ জুলফিকারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে জুলফিকার সাহেব বলেছেন, তাঁর শ্বশুর একজন প্রতিষ্ঠিত ধনী। তাই প্লট কেনার সঙ্গে কথিত লুটের কোনো সম্পর্ক নেই।’ এর আগে গত ১০ মে আদালত জুলফিকারকে ধারাবাহিকভাবে ১০ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন।