জুলফিকারের রিমান্ড শুনানি আবার পিছিয়েছে
চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারের রিমান্ড শুনানি গতকাল সোমবারও হয়নি। মামলার নথি জেলা ও দায়রা জজ আদালত থেকে না আসায় বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ আগামী বৃহস্পতিবার আবার শুনানির দিন ধার্য করেন। রিমান্ড শুনানির জন্য গতকাল দুপুরে চট্টগ্রাম কারাগার থেকে জুলফিকার আলী মজুমদারকে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জুলফিকারের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জুলফিকার সাহেবকে কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন।’ প্রসঙ্গত, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র্যাব সদস্য ও দুজন র্যাবের সোর্স। তাঁদের মধ্যে প্রধান আসামি চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার।