জুলহাজ মান্নানের পরিবারকে ওবামার চিঠি
সমকামীদের অধিকার আদায়ের কর্মী জুলহাজ মান্নানকে হত্যা করায় শোক প্রকাশ করে তাঁর পরিবারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নানের হাতে ওই চিঠি দেন বাংলাদেশে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির প্রধান ইয়ানিনা জারজালস্কি।
মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে লিখেছেন, ‘জুলহাজের মৃত্যুতে মিশেল ও আমি আপনাদের দুঃখ ও বিষাদের অংশীদার। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি। জুলহাজকে হারিয়ে আপনাদের যে বেদনা, তা বর্ণনাতীত। বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সংগত ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাজ। আর সে কাজেই নিজেকে উৎসর্গ করেছেন। যাঁরা তাঁকে ভালোবাসতেন এবং তাঁর কাজ যাঁদের উজ্জীবিত করেছে, তাঁদের মাঝে জুলহাজের কীর্তি রয়ে যাবে। জুলহাজের সাহস, অন্যের জন্য তাঁর সহানুভূতি চিরজাগরূক হয়ে থাকবে—এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি।’
মিনহাজ বলেন, ‘গত ৫ মে চিঠিটি ওবামা স্বাক্ষর করেছেন। তবে গতকাল সকালে ইউএসএআইডি কার্যালয়ে চিঠিটি আমার হাতে তুলে দেওয়া হয়।’ গত ২৫ এপ্রিল ঢাকার কলাবাগানের বাসভবনে খুন হন জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়। জুলহাজ ইউএসএআইডিতে চাকরি করতেন।