জুলহাজ-মাহবুব হত্যায় পাঁচ জঙ্গি শনাক্ত হয়নি, তদন্ত নিয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী
জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী
>
  • জুলহাজ ও মাহবুব হত্যার ২ বছর পূর্ণ।
  • মামলার তদন্ত নিয়ে ক্ষোভ জুলহাজের পরিবারের।
  • আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
  • পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী হত্যায় জড়িত পাঁচজনকে পুলিশ দুই বছরেও শনাক্ত করতে পারেনি। হত্যাকাণ্ডের নির্দেশদাতা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষস্থানীয় নেতা চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং পরিকল্পনাকারী সেলিমও ধরাছোঁয়ার বাইরে।

আজ ২৫ এপ্রিল এই জোড়া খুনের দুই বছর পূর্ণ হচ্ছে। মামলার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জুলহাজের পরিবার। পুলিশ বলেছে, পুলিশ জোড়া খুনের ঘটনায় আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। বাকি পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৬ সালের এই দিনে সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা জুলহাজ মান্নান (৩৫) ও তাঁর বন্ধু মাহবুবকে কুপিয়ে হত্যা করে। জুলহাজ ও মাহবুবকে হত্যার পর পালানোর সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাকেও কোপায়। রাস্তায় পালানোর সময় এক দুর্বৃত্তকে জাপটে ধরেন পুলিশের এএসআই মমতাজউদদীন। তাঁকেও কুপিয়ে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। তবে এএসআই মমতাজ দুর্বৃত্তদের একজনের কাছ থেকে একটি ব্যাগ রেখে দিতে সক্ষম হন। ব্যাগে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মুঠোফোন পাওয়া যায়।

এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে কলাবাগান থানায় করা দুই মামলা তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ (সিটি)। জুলহাজ সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী রূপবান সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকর্মী মাহবুব পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে শিশু নাট্য প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। আনসার আল ইসলাম এই দুজনকে হত্যার দায় স্বীকার করে। সংগঠনটি নিজেদের আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বলে দাবি করে।

মামলার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই বছরেও যখন মামলার অগ্রগতি হয়নি, তখন ২০০ বছরেও কিছু হবে না। মামলার তদন্ত নিয়ে ধোঁকাবাজি, বাটপারি হচ্ছে। এর ফল জিরো।’

মামলার তদন্তসংশ্লিষ্ট সিটি সূত্র বলেছে, শুরুতে হত্যা মামলার তদন্ত করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের নভেম্বরে কাউন্টার টেররিজম বিভাগ মামলার তদন্তের দায়িত্ব পায়। তদন্তে বেরিয়ে এসেছে চাকরিচ্যুত মেজর জিয়াউল হকের নির্দেশে, সেলিমের পরিকল্পনা ও তত্ত্বাবধানে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এই জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে। খুনিদের ফেলে যাওয়া মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে তখন পুলিশ জঙ্গি রাশেদ উদ্দিন ভূঞা ওরফে রায়হান নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তাঁদের সাংগঠনিক নাম বলেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ওই পাঁচজনকে চিহ্নিত করা হয়। পরে জোড়া খুনের ঘটনায় আনসার আল ইসলামের দুই জঙ্গি মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ও আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হলে তাঁরাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জঙ্গি সায়মন ঘটনাস্থল রেকি করেছিলেন এবং জঙ্গি আরাফাত যে বাসায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়, সেটি ভাড়া করে দিয়েছিলেন। তিন জঙ্গি এখন কারাগারে আছেন।

ডিএমপি ২০১৬ সালের ১৭ আগস্ট আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২কে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। এর আগে পুলিশ সদর দপ্তর চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু এদের মধ্যে সেলিমকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এই মামলার তদন্তে সহযোগিতার আগ্রহ দেখিয়েছিল এবং নিহত দুজনের ডিএনএ নমুনা তাদের পরীক্ষাগারে পরীক্ষা করাতে চেয়েছিল। তদন্ত সংস্থা এফবিআইকে জানিয়েছিল, নমুনা ঢাকায় সিআইডির ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও তদন্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন।

মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া জঙ্গি সায়মনের কাছ থেকে জব্দ করা ল্যাপটপ থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েকজনের বিষয়ে কিছু তথ্য-প্রমাণ ও তিনজনের ছবি পাওয়া গেছে। তাদের শনাক্তসহ জোড়া খুনে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদের ধরিয়ে দিতে গণমাধ্যমে শিগগির ছবি প্রকাশ করা হবে।