জুলহাজ হত্যা তদন্তের চূড়ান্ত পরিণতি দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশা দেশাই
নিশা দেশাই

বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনাবলিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো উপস্থিতি নেই। দেশীয় জঙ্গি সংগঠনগুলোই এসব ঘটনার সঙ্গে জড়িত বলে মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
বৈঠক শেষে নিশা দেশাই বিসওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নানের নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের চূড়ান্ত পরিণতি দেখতে চায় ওয়াশিংটন। এ ছাড়া আল-কায়েদা ও আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলো যাতে এখানকার জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগসূত্রের মাধ্যমে এ দেশে ঘাঁটি গাড়তে না পারে, সে ব্যাপারে বাংলাদেশকে নিয়ে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।
এদিকে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিশা দেশাই। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন নিশা দেশাই।
জুলহাজ মান্নানসহ সাম্প্রতিক সময়ে মসজিদের ইমাম, চার্চের পাদরিসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোকে ‘সফট টার্গেট’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সেনসেশনালাইজেশন’ করতেই ঠান্ডা মাথায় এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের এক ফাঁকে অভিবাসনবিষয়ক একটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যৌথ সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নিশা দেশাই।
জুলহাজ মান্নানের হত্যার বিষয়ে আলোচনার জন্য নিশা দেশাই গত বুধবার ঢাকায় আসেন। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতা নিয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেন তিনি।
বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্র ব্লগার হত্যাসহ সাম্প্রতিক নৃশংস ঘটনাবলির প্রসঙ্গ টেনে বাংলাদেশে আইএসের উপস্থিতির বিষয়টি বলতে চেয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, ‘শুরু থেকেই এখানে যেসব জঙ্গি হামলা হয়েছে, সেগুলোর সঙ্গে দেশি জঙ্গিরা জড়িত। এর শুরু শিবির থেকে। পরে হুজি, জেএমবি, আনসারুল্লাহ, আনসার আল ইসলামসহ বিভিন্ন ব্যানারে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে। মানবতাবিরোধী অপরাধীদের রক্ষা করতে ও উন্নয়নে বাধা দিতেই তারা এসব করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলহাজ হত্যার তদন্তে যুক্তরাষ্ট্র এফবিআইয়ের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে চেয়েছে। আমরা বলেছি, যেখানে এফবিআইয়ের সহযোগিতা লাগবে, আমরা সেখানে সেই সহযোগিতা নেব। আমরা তাঁদের এটাও বলেছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে তাঁদের কাছে আগাম কোনো তথ্য থাকলে সেটা যেন তাঁরা আমাদের দেন। যুক্তরাষ্ট্র আমাদের এসব ব্যাপারে আগাম তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
বৈঠক শেষে নিশা দেশাই বলেন, ‘আমরা জুলহাজ মান্নানের নৃশংস হত্যাকাণ্ডে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি মার্কিন সরকারের একজন কর্মী ছিলেন। বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে এগিয়ে নিতে এখানকার যেসব সাহসী লোকজন জীবন দিয়েছেন, তাঁদের মৃত্যুতেও আমরা মর্মাহত। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় সহযোগিতা করে এগিয়ে নিতে পারি, সে বিষয়ে আলোচনা করেছি।’
বাংলাদেশে আইএসের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে নিশা দেশাই বলেন, ‘জুলহাজ মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশ সরকার যা যা করছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন। এ ক্ষেত্রে আমাদের যেখানে সহযোগিতা করার সুযোগ আছে, আমরা হাত বাড়িয়ে দিতে তৈরি আছি।’
নিশা দেশাই আরও বলেন, ‘আইএস ও আল-কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনগুলো এখানকার বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় যে দায় স্বীকার করে আসছে, সেটিকে আমরা বিবেচনায় নিয়ে থাকি। কারণ, এসব সংগঠন যে সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে কিংবা এখানকার সংগঠনগুলোর সঙ্গে নিজেদের মধ্যে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা চালাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মতো সুন্দর একটি দেশে এসব সন্ত্রাসী সংগঠন যাতে ঘাঁটি গাড়তে না পারে, সে জন্য বাংলাদেশ সরকারকে নিয়ে তাদের রুখে দিতে আমরা বদ্ধপরিকর।’
বাংলাদেশের দু-একজন ব্লগার ধর্মানুভূতিতে আঘাত দিয়ে লেখেন বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁরা বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললে আমরা বলেছি, এখানে অনেক ব্লগার লেখালেখি করেন। তবে দু-একজন ব্লগার ধর্মের বিরুদ্ধে লেখেন, আমাদের বিশ্বাসের বিরুদ্ধে লেখেন। যেগুলো আমাদের সংবিধানে স্পষ্ট করে নিষেধ রয়েছে। সব ধর্মের মানুষ এখানে বসবাস করবেন। কোনো ধর্মের মানুষ অন্যের ধর্মের ওপর আঘাত করতে পারবেন না। এটা ফৌজদারি অপরাধ।’
সমকামিতা বা ‘আনন্যাচারাল সেক্স’ এ দেশে নিষিদ্ধ, সেটাও নিশাকে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয় (সমকামিতা) নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদের ধর্মে, সমাজে নিষিদ্ধ। পৃথিবীর বেশির ভাগ দেশেই এটা নিষিদ্ধ। আমাদের দেশের সব ধর্মের প্রধানেরা এটা নিষেধ করেছেন। কাজেই এ দেশে এটার প্রচার-প্রচারণা করা অপরাধ। এ থেকে সংযত হওয়া উচিত।’
সরকারের এমন অবস্থানের কারণে এসব ব্যক্তিকে হত্যায় উৎসাহী হবে কি না, নিশা দেশাইয়ের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে সুরক্ষা দিচ্ছি। সবাইকে রক্ষার দায়িত্ব সরকারের। এ ধরনের হত্যা যাতে না হয়, সে চেষ্টা করছি। আবার ধর্মবিরোধী লেখা যাতে কেউ না লেখেন, সে আহ্বানও জানাচ্ছি।’
সমকামিতা বাংলাদেশের সমাজে নিষিদ্ধ থাকলেও ২০১৪ সাল থেকে বের হওয়া রূপবান-এর মতো পত্রিকার অনুমোদন বা দুই বছর ধরে প্রকাশনা কেন বন্ধ হয়নি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই পত্রিকা যখন বের হয়, তখন তারা বলেনি এ ধরনের লেখা বের হবে। এখন লিখছে, আমরা দেখছি, আমরা বন্ধ করব।’
গতকাল দিবাগত রাত আড়াইটায় নিশা দেশাইয়ের বাংলাদেশ ত্যাগ করার কথা।