জুলাই-আগস্টে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া জামায়াতকে রক্ষার যত চেষ্টাই করুন না কেন, কোনো লাভ হবে না। যতই সন্ত্রাস করা হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না। আগামী জুন মাসে যদি আদালতের রায় বহাল থাকে, তাহলে জুলাই-আগস্ট মাসে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করা হবে।’আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাসদের সমন্বয় কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের সভাপতি ইনু এসব কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, ‘অনেক সহ্য করেছি, আর না। জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। ১৪ দলকে বলব, আর কালবিলম্ব না করে জামায়াতকে নিষিদ্ধ করুন। যারা নাশকতা করছে, তাদের একটা একটা করে কারাগারে নিক্ষেপ করুন।’বিরোধী দলকে উদ্দেশ করে জাসদের সভাপতি বলেন, খালেদা জিয়া এখন সংলাপ, নির্বাচন কিংবা দেশে শান্তি চান না। তিনি রাজপথে নাশকতা সৃষ্টি করে সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন। ট্রাইব্যুনাল বন্ধ করে যুদ্ধাপরাধীদের বাঁচানোই খালেদা জিয়ার আসল উদ্দেশ্য।
হরতাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এবার আমরা দেখলাম, যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাশাপাশি তাঁরা একজন টাকা পাচারকারী ও চোরদের বাঁচানোর জন্য হরতাল ডেকেছে। এ ধরনের হরতাল গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এটা দেশবিরোধী। বাংলাদেশের শাসনব্যবস্থার বিরোধী।’
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ইনু বলেন, ‘কোনো টাকা পাচারকারীর পক্ষে আপনি অবস্থান নেবেন না। টাকা পাচারকারী যে-ই হোক, তাদের আপনি ত্যাগ করুন।’ তিনি বলেন, ‘সংসদে আসুন। উন্মুক্ত আলোচনায় অংশ নিন। শেখ হাসিনা কোনো শর্ত না দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আপনিও শর্ত না দিয়ে আলোচনায় আসুন। আগামী দিনে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা করুন।’
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী দল হিসেবে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মীর হোসেন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার প্রমুখ।