সার্কের অধীন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়ে আগামী জুলাই (২০১১-১২) থেকে স্নাতকোত্তর পর্যায়ে আরও পাঁচটি বিষয় চালু করা হচ্ছে। বিষয়গুলো হলো সমাজবিজ্ঞান, জৈব প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও কম্পিউটার বিজ্ঞান। এসব বিষয়ে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির সফররত প্রধান নির্বাহী কর্মকর্তা জি কে চাড্ডা। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (প্রেস ও রাজনীতি) দীপক মিত্তাল।জি কে চাড্ডা জানান, স্নাতকোত্তর পর্যায়ে দুটি (মাস্টার্স অব কম্পিউটার এপ্লিকেশন ও উন্নয়ন অর্থনীতি) বিষয় নিয়ে গত বছরের আগস্টে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। আগামী জুলাই থেকে পাঁচটি নতুন বিষয় চালু হচ্ছে। পিএইচডি কোর্স চালুর চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়ের জন্য সার্কের সদস্যভুক্ত আটটি দেশ থেকে তাদের জনসংখ্যার অনুপাতে শিক্ষার্থী বাছাই করা হবে। প্রতিটি দেশের জন্য এই সংখ্যা হবে কমপক্ষে চার শতাংশ এবং স্বাগতিক ভারতের জন্য ৫০ শতাংশের বেশি হবে না। এ ছাড়া ১০ শতাংশ শিক্ষার্থী সার্ক-বহির্ভূত দেশ থেকে ভর্তি হতে পারবে, তবে তাদের পুরো টিউশন ফি দিতে হবে।সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের ৮০ শতাংশ নেওয়া হবে সার্কভুক্ত দেশ থেকে। বাকি ২০ শতাংশ বাইরে থেকে নেওয়া যাবে। শিক্ষকদের বেতন-ভাতা হবে আকর্ষণীয়।চাড্ডা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নয়াদিল্লিতেই হবে। এ জন্য ইতিমধ্যে ১০০ একর জমি নেওয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোও তাদের নিজ নিজ দেশে আঞ্চলিক ক্যাম্পাস স্থাপন করতে পারবে। এটি একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।