জুলাই থেকে নতুন স্কেলে বেতন নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও একই সময় থেকে নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তাই তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন।
এমপিওভুক্ত (মাসের মূল বেতনের সরকারি অংশ) শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। বেশ কয়েকজন শিক্ষক প্রথম আলোয় ফোন করে এ নিয়ে তাঁদের উদ্বেগ ও অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তাঁদেরও যেন জুলাই থেকে নতুন স্কেলে বেতন-ভাতা দেওয়া হয়। অর্থসচিব মাহবুব আহমেদ গত রোববার বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি (প্রস্তাবিত বেতনকাঠামো) মন্ত্রিসভায় যাবে, অনুমোদন পাবে, এরপর বলা যাবে।
গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। শিক্ষাসচিব নজরুল ইসলাম খান রোববার বলেন, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে নেতিবাচক কিছু দেখছেন না।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। এর সঙ্গে ২০ শতাংশ মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ৫০০ টাকা, চিকিৎসা ভাতা ৩০০ টাকা ও উৎসব ভাতা (শিক্ষকেরা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ) পাচ্ছেন।