জুলাই মাসে দুদকের ৫৭ মামলার অভিযোগপত্র, ২৩টি মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং, ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে জুলাই মাসে মোট ৫৭টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ মোট ৬৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখযোগ্য মামলা ও অভিযোগপত্র: জাল স্বাক্ষর এবং ভুয়া ভাউচার অনুমোদন দেখিয়ে ১৭ লাখ ২৯ হাজার ৫৬১ টাকা আত্মসাতের অভিযোগে ভোলার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর আলম, টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের মিরপুর ১০ শাখার প্রধান কোষাধ্যক্ষ মো. খালেক রশিদ রেজা, সরকারি দুই কোটি টাকা মূল্যের সম্পত্তি আত্মসাতের অভিযোগে রাজবাড়ী জেলার মো. ওহিদুজ্জামান চৌধুরী ওরফে রোকন চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার প্রকল্পের ৬৪ লাখ ৮৬ হাজার ৯৮৬ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক আবু তাহের মশিউর রহমান, ৩৬৯টি ভুয়া ভাউচার দেখিয়ে দুই কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৪২ টাকা আত্মসাতের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক হিসাব তত্ত্বাবধায়ক মো. হারুন অর রশিদ, ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা পাচারের অভিযোগে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও মো. গিয়াস উদ্দিন আল মামুন, এক কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ফেনী জেলার আনোয়ার হোসেন, ৫০ লাখ ৫০ হাজার ৪৭০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক এপ্রেইজার মো. হাতেম আলী, ৪১ লাখ ১০ হাজার ৬৬৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টাঙ্গাইলের বেতকা খাদ্যগুদামের সাবেক সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, ৫১ লাখ ৫৯ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. জয়নাল আবেদীন মীর, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, সম্পদ বিবরণীতে এক কোটি ১৭ লাখ ৯১ হাজার ৮৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে ও ছয় কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকার মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে মামলার চার্জশিট দেওয়া হয়েছে।