জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় দেশে ১৪ জন নিহত এবং এক হাজার ১২৩ জন আহত হয়েছেন বলে বেসরকারি সংস্থা অধিকারের মাসিক মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অধিকারের তথ্যানুযায়ী, গত মাসে দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ৪৬টি আর বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের ১১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে সাতজন নিহত ও ৪৩০ জন আহত হয়েছেন। আর বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে একজন নিহত ও ১০৪ জন আহত হয়েছেন।অধিকারের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকার বারবার আশ্বাস দিলেও এটা বন্ধ হয়নি। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইনিপ্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন অপরাধীসহ অন্যদের হত্যা করছে। এর মধ্যে জুলাই মাসে ছয়জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত ছয়জনের মধ্যে তিনজন র‌্যাবের বন্দুকযুদ্ধে ও তিনজন আনসারের গুলিতে নিহত হন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিক ও অপর তিনজন কথিত অপরাধী বলে জানা গেছে। এ ছাড়া গত মাসে ১৪ জন গণপিটুনিতে মারা গেছেন। ফৌজদারি বিচারব্যবস্থার দুর্বলতার কারণে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ায় মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে।র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুর উপজেলার কিশোর লিমন হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগপত্র দেওয়ার কথা উল্লেখ করে অধিকারের প্রতিবেদনে বলা হয়, ‘লিমনের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগপত্রটি তাঁকে আরও বেশি হেনস্তা করার হাতিয়ার হিসেবে দেখছে অধিকার। অধিকার মনে করে, লিমনকে পঙ্গু করার জন্য র‌্যাবই দায়ী। অথচ অভিযুক্ত র‌্যাব সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অধিকার অবিলম্বে লিমনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র প্রত্যাহার ও তাকে পঙ্গু করার সঙ্গে জড়িত র‌্যাব সদস্যদের বিচারের সম্মুখীন করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে।’